মুর্শিদাবাদ: রাতের অন্ধকারে চাঞ্চল্যকর ঘটনা বেলডাঙায়। আল আমিন মিশনের পাঁচ শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছাত্রদের বিরুদ্ধেই। গুরুতর আহত অবস্থায় সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। রাত প্রায় দেড়টা নাগাদ মুখে কাপড় বেঁধে স্কুলে ঢুকে পড়ে বেশ কয়েকজন ছাত্র। প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর উইকেট, লাঠি, লোহার রড নিয়ে ঘুমন্ত শিক্ষকদের উপর চড়াও হয় তারা। এক শিক্ষক জানান, “খেলার সময় ক্লাস নাইন ও টেনের মধ্যে বিবাদ হয়েছিল। বলা হয়েছিল, পরীক্ষার পর সমস্যার সমাধান হবে। কিন্তু রাতেই এমন আক্রমণ হবে, ভাবতে পারিনি।”
অভিযুক্ত ছাত্ররা শিক্ষকদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় বলে অভিযোগ। আহত শিক্ষকদের দাবি, স্কুলেরই কিছু শিক্ষক এই হামলার পিছনে প্ররোচনা দিয়েছেন। ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
আল আমিন মিশনের পক্ষ থেকে জাকির হোসেন মণ্ডল বলেন, “ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক মহলে। বেলডাঙার শিক্ষা মহলেও শুরু হয়েছে তীব্র বিতর্ক।







