গুটখা ও পানমশলার বিজ্ঞাপনকে কেন্দ্র করে ফের বিতর্কের কেন্দ্রে বলিউড সুপারস্টার সলমন খান। সম্প্রতি তাঁর করা একটি পানমশলার বিজ্ঞাপন নিয়ে আইনি অভিযোগ দায়ের হয় রাজস্থানের কোটার ক্রেতা সুরক্ষা আদালতে। অভিযোগকারী প্রবীণ বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দ্রমোহন সিংহ হানি দাবি করেন, এই বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন সলমন। তাঁর বক্তব্য, জনপ্রিয় তারকা হিসেবে সলমনের প্রভাব বিপুল, বিশেষ করে তরুণ প্রজন্মের উপর। সেই প্রভাবকে ‘ভুল পথে’ পরিচালিত করার আশঙ্কাই তাঁর অভিযোগের মূল ভিত্তি।
ইন্দ্রমোহন সিংহের অভিযোগ, “বিজ্ঞাপনে বলা হয়েছে পানমশলাটি নাকি কেশরে ভরপুর। অথচ এক কিলো কেশরের দাম চার লাখ টাকার কাছাকাছি। সেখানে মাত্র পাঁচ টাকায় ওই পণ্য বিক্রি হওয়া কতটা বাস্তবসম্মত? এমন প্রচারে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন।” তিনি আরও বলেন, গুটখা বা পানমশলা জাতীয় দ্রব্য স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়ায়। তাই সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা একজন শিল্পীর এ ধরনের পণ্য প্রচার করা উচিত নয়।
এই অভিযোগের ভিত্তিতেই আদালত সলমন খানের জবাব চায়। এরপরই সলমনের আইনজীবী আশীষ দুবে আদালতে জানান, সলমন মোটেই গুটখা বা কোনও ক্ষতিকর দ্রব্যের প্রচার করেননি। তাঁর বক্তব্য, “আমার মক্কেল যে বিজ্ঞাপনটি করেছেন, সেটি সম্পূর্ণরূপে এলাচ-ভিত্তিক পণ্যের। এতে কোনও ধরনের তামাকজাত উপাদান নেই। অভিযোগ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন।”
বলিউডে তারকাদের এই ধরনের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে অক্ষয় কুমার ও অজয় দেবগনকেও অনুরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল সলমন খানের নাম। অভিযোগ ও জবাবদানের পরবর্তী ধাপে আদালত কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সবার।







