রাজ্য

এসআইআর সময়সীমা সাত দিন বৃদ্ধি — ১৪ ফেব্রুয়ারি প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা

শুরু থেকেই সময় নিয়ে আপত্তি ছিল মাঠপর্যায়ের কর্মীদের। অবশেষে মান্যতা পেল সেই দাবি। সাত দিন বাড়ানো হল এসআইআর (Special Summary Revision) প্রক্রিয়ার সময়সীমা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়া হবে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।

ফর্ম ডিজিটাইজেশনের গতি আশানুরূপ না হওয়ায় প্রথম থেকেই অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন বিএলও-দের একাংশ। কমিশন শেষ পর্যন্ত সেই আবেদন মেনে সময়সীমা বৃদ্ধিতে সাড়া দিল।

আগের নির্দেশিকা অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল ৯ ডিসেম্বর। পরবর্তী ধাপে ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল চূড়ান্ত তালিকা। কিন্তু নতুন সময়সীমা অনুসারে পুরো সূচি পিছল ৭ দিন। কমিশনের তরফে জানানো হয়েছে, শুধু পশ্চিমবঙ্গ নয়—বাংলার সঙ্গে আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সময়ে খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির দাবি, “কমিশনের নিজস্ব সিদ্ধান্ত—এতে রাজনৈতিক চাপের প্রশ্ন নেই”। তবে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, সময়ের পিছনোয় প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ মিলছে, যা নির্বাচনী প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে।

ভোট প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে সময়সীমা বৃদ্ধি প্রশাসন ও রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মত বিশেষজ্ঞদের। তবে আপাতত নজর ১১ ডিসেম্বর—এনুমারেশন উইন্ডো বন্ধ হওয়ার শেষ দিনেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.