বিনোদন

‘ধুরন্ধর’ কেন দেখানো হল না পরিবারকে? সেন্সরের ছাড়পত্রে বিস্ময় ও ক্ষোভ মেজর মোহিত শর্মার ভাইয়ের

মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছিল রণবীর সিং অভিনীত ছবি ‘ধুরন্ধর’। শহিদ মেজর মোহিত শর্মার জীবনকে ভিত্তি করে ছবি তৈরির অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন শহিদের মা-বাবা। তাঁদের দাবি, নির্মাতারা পরিবারের অনুমতি ছাড়াই এমন একটি সংবেদনশীল বিষয়কে তুলে ধরেছেন। সেই আবেদনের ভিত্তিতেই আদালত ছবির মুক্তি স্থগিত রাখার নির্দেশ দেন।

পরবর্তী শুনানিতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত সেন্সর বোর্ডকে নির্দেশ দেয়, অবিলম্বে ছবিটি ভারতীয় সেনাবাহিনীর কাছে পাঠাতে হবে পর্যালোচনার জন্য। সেনাবাহিনীর তরফে মিলেছে সবুজ সংকেত। তার পরই ছবিকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সেন্সর বোর্ড।

তবে সেন্সরের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন মেজর মোহিত শর্মার ভাই মধুর শর্মা। তাঁর প্রশ্ন, “পরিবারকে আগে ছবি দেখানো হল না কেন?” তাঁর বক্তব্য, “ছাড়পত্র পাওয়ার সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হয়েছে। অবশ্য আমি বিশ্বাস রাখছি সেন্সর বোর্ড সব দিক বিবেচনা করেই অনুমতি দিয়েছে। আমরা আশা করছি, পরিবারের জন্যও আলাদা করে ছবিটি দেখার ব্যবস্থা করা হবে।” সেন্সর বোর্ডের তরফে তাঁদের জানানো হয়েছে— চলচ্চিত্রটির সঙ্গে মেজর মোহিত শর্মার বাস্তব জীবনের কোনও মিল নেই। সেই দাবি সত্যি হবে বলেই আশা পরিবারের।

অন্যদিকে, পরিচালক আদিত্য স্পষ্ট জানিয়েছেন, ‘ধুরন্ধর’ কোনওভাবেই শহিদ অফিসারের জীবনের ওপর ভিত্তি করে নয়, সম্পূর্ণই কাল্পনিক। তবে বিতর্কের মধ্যেই ছবিটি আগাম বুকিংয়ে ব্যাপক সাড়া ফেলেছে। বেশ কিছু প্রেক্ষাগৃহে টিকিটের দাম ছুঁয়েছে ২০০০ টাকা পর্যন্ত।

ছবিটি ঘিরে বিতর্ক বাড়লেও, মুক্তির আগে দর্শকদের উত্তেজনায় ভাটা নেই। এখন দেখার, পর্দায় কতটা মান বজায় রাখতে পারে বহুল আলোচিত ‘ধুরন্ধর’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.