বিনোদন

রাজনীতির রং মুছেই শহরে নতুন নাট্যোৎসব, ব্যক্তিগত উদ্যোগে আয়োজনে রূপা গঙ্গোপাধ্যায়

শীতের কলকাতা জুড়ে যখন একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নাট্যোৎসব। তবে এবার কোনও নামী নাট্যসংস্থা বা রাজনৈতিক দলের নয়, বরং ব্যক্তিগত উদ্যোগে অভিনেত্রী ও রাজনীতিবিদ রূপা গঙ্গোপাধ্যায়ের আয়োজনেই শুরু হচ্ছে ‘বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫’। রূপার নিজস্ব সংস্থা ‘রূপান্তর নাট্যগোষ্ঠী’র ব্যবস্থাপনায় এবং ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষের সহ-আয়োজনে বুধবার ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় জাদুঘরের আশুতোষ শতবার্ষিকী সভাগৃহ।

রূপার বক্তব্য, ইদানীং নানা উৎসব-অনুষ্ঠান রাজনীতির প্রভাবাধীন হয়ে পড়ায় বহু শিল্পী সমান সুযোগ পান না। সেই কারণেই তিনি এমন এক পরিসর তৈরি করতে চান যেখানে রাজনীতির কোনও প্রভাব থাকবে না, আর শিল্পীরা তাঁদের সৃজনশীলতাকে স্বাধীনভাবে মঞ্চে তুলে ধরতে পারবেন। তাঁর দাবি, উৎসবের সম্পূর্ণ আয়োজনে কোনও সংগঠনের ভূমিকাই নেই।

যদিও সমালোচকদের একাংশ মনে করছেন, সাংস্কৃতিক মঞ্চে নতুন করে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে এটি বিজেপির কৌশলও হতে পারে। কারণ উৎসবে যোগ দিচ্ছেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারীও, তাঁর নাট্যদল অভিনেতৃ সঙ্ঘের প্রযোজনা ‘ঢপের চপ’ নিয়ে। মোট ১০টি নাট্যদলের অংশগ্রহণে থাকছে আরও কয়েকটি নাটক— যেমন সংস্কার ভারতীর ‘কেন চেয়ে আছ গো মা’, কলকাতা নাট্য সেনার ‘প্রীতিলতা’, মৃচ্ছকটিকের ‘আগুনের চিঠি’ প্রভৃতি। আয়োজনের অংশ হিসেবে থাকছে গুণীজন সংবর্ধনাও।

অভিনয় জগতের সঙ্গে রূপার দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও, আয়োজকের ভূমিকায় তিনি এবারই প্রথম। তাই তাঁর মধ্যে একসঙ্গে কাজ করছে উত্তেজনা, আশঙ্কা এবং আনন্দ। রূপার কথায়, “এই ধরনের উৎসব করার স্বপ্ন অনেকদিনের। সময়ের অভাবে হয়ে ওঠেনি। অবশেষে সম্ভব হল।” ভবিষ্যতে উৎসব আরও বড় করে তোলার পরিকল্পনাও রয়েছে তাঁর। এমনকি চলচ্চিত্র প্রদর্শনের ভাবনাও রয়েছে আগামি বছরগুলিতে। রূপার ভাষায়, “বদল আমার খুব প্রিয়। রূপান্তর তারই প্রতিফলন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.