রাজনীতি

বাবরি মসজিদ বিতর্কে তৃণমূলের ভূমিকা? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে বিস্ফোরক প্রশ্ন শুভেন্দুর

মুর্শিদাবাদের তৃণমূল নেতা হুমায়ুন কবিরকে ঘিরে বাবরি মসজিদ সংক্রান্ত বিতর্ক নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল রাজ্যে। এই ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “হুমায়ুন কবির যদি বলে থাকে বাবরি মসজিদ তৈরির পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাহলে সেটার দায় তৃণমূলকেই নিতে হবে।”

শুভেন্দু বলেন, “দল তাকে সাসপেন্ড করেছে—এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, এতে আমাদের কিছু বলার নেই। কিন্তু লোকসভা নির্বাচনের সময় হুমায়ুন কবির প্রকাশ্যে বলেছিল ‘আমরা ৭০, ওরা ৩০—না মানলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো’। পরে সে আবার বলে, এটা তার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তাহলে মুখ্যমন্ত্রী কি তাকে এই ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়ার অনুমোদন দিয়েছিলেন?”

বিরোধী দলনেতার আরও দাবি, ইউসুফ পাঠানকে জেতানোর জন্য পরিকল্পিতভাবে “উগ্র মৌলবাদী রাজনীতি” করা হয়েছিল। তাঁর অভিযোগ, ২০২১ সালের পর থেকে মুর্শিদাবাদে সাধারণ মানুষ লাগাতার উগ্র মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন। “আজ হুমায়ুন কবিররা আগুন নিয়ে খেলছে। সাম্প্রদায়িক অশান্তির পরেও ওই এলাকায় এই ধরনের উদ্যোগ প্রমাণ করে, এর পেছনে কোথাও তৃণমূল ও রাজ্য সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে,” বলেন শুভেন্দু।

হুমায়ুন কবিরের নতুন দল গঠনের প্রসঙ্গে শুভেন্দু স্পষ্ট করে বলেন, বিজেপি কারও ভরসায় নয়, নিজেদের শক্তিতেই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চায়। তাঁর কথায়, “আমাদের লক্ষ্য—জাতীয়তাবাদ, উন্নয়ন, সুশাসন, সুরক্ষা, পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, নারীর সম্মান ও সুরক্ষা। এই লক্ষ্য নিয়ে ২১টি রাজ্যে বিজেপির সরকার রয়েছে। বিহারেও বিপুল জয় এসেছে। পশ্চিমবঙ্গেও বিজেপির ক্ষমতায় আসা প্রয়োজন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.