খেলাধুলা

বাংলার মাঠে ফিরছে ফুটবল উন্মাদনা: আটটি দল নিয়ে শুরু হচ্ছে BSL, কোচিংয়ে মেহতাব-ব্যারেটোর মতো তারকারা

পশ্চিমবঙ্গের ফুটবল জগতে আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে যার প্রস্তুতি চলছিল, সেই বহু প্রতীক্ষিত জেলাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বেঙ্গল সুপার লিগ (বিএসএল) অবশেষে মাঠে নামছে। আগামী ৭ ডিসেম্বর থেকে এই ঐতিহাসিক যাত্রা শুরু হতে চলেছে। বাংলা ফুটবলের এই নতুন উদ্যোগকে আন্তর্জাতিক পরিচিতি দিতে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে ১৯৯০ সালের বিশ্বকাপজয়ী জার্মান মহাতারকা লোথার ম্যাথাউসকে।

চলতি বছরের জুলাই মাসেই জমকালো অনুষ্ঠানে বিএসএল-এর লোগো উন্মোচিত হয়েছিল। এরপর নিলামের মাধ্যমে আটটি ফ্র্যাঞ্চাইজি দল তাদের স্কোয়াড তৈরি করেছে। আইএফএ (IFA)-এর সঙ্গে শ্রাচি স্পোর্টস এবং জি স্পোর্টস-এর মতো সংস্থার যৌথ প্রয়াসে বাংলার ফুটবলকে একটি দীর্ঘমেয়াদি পেশাদার কাঠামো দেওয়ার লক্ষ্যেই এই লিগ শুরু হচ্ছে। এর উদ্দেশ্য কেবল নতুন প্রতিভা তুলে আনাই নয়, তৃণমূল স্তর থেকে ফুটবলকে বাণিজ্যিকভাবে সফল করে তোলা।

আটটি দল যার মধ্যে রয়েছে সুন্দরবন, বর্ধমান, মেদিনীপুর, মালদা-মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও নর্থবেঙ্গল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মোট ৬১টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। স্থানীয় জেলা স্টেডিয়ামগুলোতে ম্যাচ আয়োজিত হওয়ায় ফুটবলপ্রেমীরা সরাসরি খেলার সঙ্গে একাত্ম হতে পারবেন।

নতুন নিয়মের মধ্যে রয়েছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর-এর মতো প্রযুক্তির সুবিধা আনতে গোল লাইন এবং পেনাল্টি বক্সের ভেতরের সিদ্ধান্ত তদারকির জন্য ফিজিক্যাল রেফারি বা AAR ব্যবহার করা হবে। খেলার ফলাফল যাই হোক না কেন, প্রতিটি লিগ ম্যাচের পরে বাধ্যতামূলকভাবে একটি পেনাল্টি শুটআউট হবে। এর উদ্দেশ্য হলো খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়া। যদি ম্যাচটি ৯০ মিনিটে অমীমাংসিত থাকে (ড্র), তবে শুটআউটে জেতা দল অতিরিক্ত ১ পয়েন্ট পাবে। অর্থাৎ, ৯০ মিনিটের ড্রয়ের জন্য উভয় দল ১ পয়েন্ট পাওয়ার পর, বিজয়ী দলটি মোট ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে। সুন্দরবনের মেহতাব হোসেন থেকে শুরু করে হাওড়া-হুগলির জোসে ব্যারেটো পর্যন্ত বাংলার ফুটবলের পরিচিত মুখেরা কোচিংয়ের দায়িত্বে থাকছেন। এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় ফুটবলে বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনাই বিএসএলের মূল লক্ষ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.