খেলাধুলা

মহামেডানের ‘না’, মাঠের অভাবে থমকে গেল সন্তোষ ট্রফির বাংলা দলের ট্রায়াল!

আসন্ন সন্তোষ ট্রফির জন্য দল গঠনের কাজে বড়সড় ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়ন বাংলা দল। জেলা ও প্রিমিয়ার স্তরের ফুটবলারদের নিয়ে মহামেডান মাঠে ট্রায়াল শুরু করলেও, মাত্র আটদিন পরেই মাঠের অভাবে ট্রায়াল বন্ধ রাখতে বাধ্য হলেন কোচ সঞ্জয় সেন।

মহামেডান ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলা দলের ট্রায়ালের জন্য আর তাদের মাঠ দেওয়া সম্ভব নয়। এই বিষয়ে আইএফএ-কে (IFA) চিঠি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান মহামেডান কার্যকরী সভাপতি কামারুদ্দিন। মহামেডান কর্তা কামারুদ্দিন বলেন, “আমরা আটদিন ট্রায়াল করার সুযোগ দিয়েছি। ময়দানে আরও তো বড় ক্লাব রয়েছে, তাদেরও তো মাঠ আছে। আমাদের নিজেদের যুব দল রয়েছে, তাদের অনুশীলন রয়েছে। বাংলা দলের ট্রায়াল চললে আমাদের যুব দল কোথায় অনুশীলন করবে? তাছাড়া, মাঠের পরিচর্যায় প্রতি মাসে মোটা অঙ্কের টাকা খরচ হয়। এই সব কারণেই আমরা ট্রায়ালের জন্য আর মাঠ দিতে পারছি না।”

সূত্রের খবর, বাংলা দলের ট্রায়ালের জন্য ইস্টবেঙ্গলও এই মুহূর্তে মাঠ দিতে রাজি হয়নি। যদিও ইস্টবেঙ্গল কর্তারা জানিয়েছেন, দল একবার গঠিত হয়ে যাওয়ার পর যদি বাংলার অনুশীলন করার প্রয়োজন হয়, তবে তাদের মাঠ দিতে কোনো সমস্যা নেই। অন্যদিকে, মোহনবাগান ক্লাব সূত্র জানিয়েছে, তাদের কাছে বাংলা দলের ট্রায়াল পরিচালনার জন্য কোনো প্রস্তাবই আসেনি।মাঠ নিয়ে এমন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেয় আইএফএ। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “মহামেডান কর্তারা মাঠের পরিচর্যার কারণ দেখিয়েছেন। ইস্টবেঙ্গলও এই মুহূর্তে মাঠ দিতে পারছে না। তাই আমরা বিষয়টি নিয়ে দ্রুত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলি। সমস্যার সমাধান হয়ে গেছে। আগামী সোমবার থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে বাংলার ট্রায়াল ফের শুরু হবে।”
ফলে, শেষমেশ রাজ্য সরকারের হস্তক্ষেপে গতবারের চ্যাম্পিয়ন দলের দল গঠনের কাজ আবার শুরু হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.