অপেক্ষার প্রহর শেষ। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ভারতীয় দলে যোগ দিলেন তারকা ওপেনার শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে তাঁর দলে ফেরা বিরাট স্বস্তি এনে দিল টিম ইন্ডিয়ায়। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই সিরিজ, যার আগে শুভমান রবিবারই সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন। ইডেন গার্ডেন্সে মাত্র তিন বল খেলার পরেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল শুভমানকে। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়। এই চোটের জেরে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। তবে তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাব শুরু করেছিলেন। এনসিএ-এর চিকিৎসকরা জানিয়েছেন, শুভমানের পুনর্বাসন প্রক্রিয়া ছিল ‘সন্তোষজনক এবং সফল’। তাঁরা মনে করেন, এই মুহূর্তে গিল ক্রিকেটের তিনটি ফরম্যাটেই খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।
রবিবার দলের বাসে তাঁকে তাঁর টি-টোয়েন্টি ওপেনিং পার্টনার অভিষেক শর্মার পাশে বসে থাকতে দেখা গেছে। সেই ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে নেটিজেনরা তাঁকে দলে প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানিয়েছেন।টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে বিরাট কোহলি-রোহিত শর্মার দাপটে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ভারতীয় দল। এবার টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার প্রথম পরীক্ষা আগামী ৯ ডিসেম্বর কটকের বারাবটি স্টেডিয়ামে। এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ।
এই দুটি সিরিজকেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে শুভমান গিল সুযোগ পেলে কেমন পারফর্ম করেন, এখন সেটাই দেখার বিষয়। তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।







