ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কোনও ন্যূনতম সিবিল (CIBIL) বা ক্রেডিট স্কোর বাধ্যতামূলক নয়। সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি বলেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ঋণ পাওয়ার শর্ত হিসেবে কোনও নির্দিষ্ট ক্রেডিট স্কোর নির্ধারণ করেনি। তবে, প্রতিটি ব্যাঙ্ক ও আর্থিক সংস্থা নিজেদের বাণিজ্যিক নীতি, বোর্ডের সিদ্ধান্ত এবং নিয়ন্ত্রক নির্দেশিকা অনুযায়ী ঋণ প্রদান করে থাকে।
মন্ত্রী আরও স্পষ্ট করেন, সিবিল বা অন্য কোনও ক্রেডিট ইনফরমেশন কোম্পানি (CIC) শুধুমাত্র ঋণগ্রহীতার ক্রেডিটযোগ্যতা যাচাইয়ের একটি মাধ্যম। ঋণ মঞ্জুরের ক্ষেত্রে ক্রেডিট হিস্ট্রি ছাড়াও ঋণ পরিশোধে বিলম্ব, রি-স্ট্রাকচার, সেটেলমেন্ট বা রাইট-অফের মতো তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নতুন নিয়মে স্বস্তি প্রথমবার ঋণগ্রহীতাদের
RBI-র সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র ক্রেডিট হিস্ট্রি না থাকার কারণে প্রথমবার ঋণগ্রহীতাদের ঋণ দিতে অস্বীকার করা যাবে না। পাশাপাশি, একজন গ্রাহক সর্বাধিক ₹100 টাকায় নিজের ক্রেডিট রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। বছরে একবার একেবারে ফ্রি রিপোর্ট পাওয়ার সুযোগও রয়েছে।
অপব্যবহার রুখতে একাধিক ব্যবস্থা
সিবিল বা অন্য কোনও CIC-এর তথ্যের সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে RBI। এর মধ্যে রয়েছে—
ক্রেডিট রিপোর্টে অ্যাক্সেস হলে গ্রাহককে SMS/ইমেল নোটিফিকেশন।
ঋণখেলাপ বা বকেয়া কিস্তির তথ্য সরাসরি জানানো।
অভিযোগ খারিজের আগে অভ্যন্তরীণ ওম্বাডসম্যান দ্বারা পর্যালোচনা।
প্রয়োজনে RBI ওম্বাডসম্যানের দ্বারস্থ হওয়ার সুযোগ।
বছরে অন্তত দুইবার অভিযোগের রুট কজ অ্যানালিসিস (RCA) করা বাধ্যতামূলক।
আসছে ন্যাশনাল ফিনান্সিয়াল ইনফরমেশন রেজিস্ট্রি
২০২৪ সালের বাজেটে ঘোষিত ন্যাশনাল ফিনান্সিয়াল ইনফরমেশন রেজিস্ট্রি (NFIR) ক্রেডিট ও অন্যান্য আর্থিক তথ্যের কেন্দ্রীয় ভান্ডার হিসেবে কাজ করবে। তবে সিবিলকে প্রতিস্থাপন করার কোনও প্রস্তাব নেই বলেও স্পষ্ট করেছে অর্থ মন্ত্রক।







