ঝাড়গ্রাম বনবিভাগের মানিকপাড়া রেঞ্জে ফের আতঙ্ক ছড়াল দাঁতালের তাণ্ডবে। হাতি তাড়ানোর অভিযানে গিয়ে বিপদের মুখে পড়ল বনদপ্তরের বিশেষ গাড়ি ‘ঐরাবত’। বিশালাকার এক দাঁতাল হাতির হামলায় গাড়িটির সামনের অংশ ও বডি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বনকর্মী ও হুলা টিমের সদস্যরা সময়মতো নিরাপদ দূরত্বে সরে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মানিকপাড়া রেঞ্জের বালিভাষা বিটের বড়াশুলি ক্যানাল পাড় এলাকায়। এলাকায় ঢুকে পড়া হাতির দলকে সরানোর জন্য শুরু হয়েছিল হাতি ড্রাইভের কাজ। সেই সময় আচমকাই একটি বিশাল দাঁতাল হাতি উত্তেজিত হয়ে বনকর্মীদের দিকে এগিয়ে আসে।
পরিস্থিতি বুঝে বনকর্মীরা সতর্ক হওয়ার আগেই হাতিটি উল্টো ঘুরে বনবিভাগের বিশেষ গাড়ি ‘ঐরাবত’-এর ওপর হামলা চালায়। হাতির গুঁতোয় মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। ঘটনার আকস্মিকতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
যদিও সৌভাগ্যক্রমে গাড়িতে থাকা বনকর্মী এবং হুলা টিমের সদস্যরা দ্রুত সরে যাওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে বড়াশুলি ক্যানাল পাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। হাতিটির গতিবিধি এবং এলাকায় হাতির উপস্থিতি সম্পর্কে নিয়মিত নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।







