বাংলাদেশ ও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ফের একবার নজর কাড়লেন ভিন্নমাত্রার ফটোশুটে। সোশাল মিডিয়ায় প্রকাশিত কয়েকটি ছবিতে নতুন ও সাহসী অবতারে ধরা দিয়েই জয়ার চারদিকে তৈরি হয়েছে আলোচনার ঝড়। শীতের সকালে পরিবেশকে যেন আরও উষ্ণ করে তুলেছে এই বিশেষ ফটোসিরিজ।
ছবিগুলিতে দেখা যায়— পরনে নীল রঙের জিনস, সঙ্গে পাথর বসানো ঝলমলে ব্লাউজ। চোখে রোদচশমা, কপালে বড় লাল টিপ, আর চুলে লাল-সাদা ফুলের সাজ। হাতে ধরা একটি লাল আপেল, আর সেই আপেলে কামড় বসানোর লাস্যময়ী ভঙ্গিমাই আসলে নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দু। জয়ার অভিব্যক্তি, আত্মবিশ্বাস আর ফ্যাশন ভঙ্গিমা— সব মিলিয়ে এই ফটোশুটকে অনেকেই তাঁর ক্যারিয়ারের অন্যতম আকর্ষণীয় লুক বলে উল্লেখ করেছেন।
ক্যাপশনে জয়া লিখেছেন— “ইডেনের উদ্যানে ইভ আদমের থেকেও বেশি সাহস দেখিয়েছিল। যখন তাঁকে নিষিদ্ধ ফলটি খাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তখন সে জানত, স্বর্গের চাইতেও ভালো কিছু তাঁর জন্য অপেক্ষা করছে।” এই বক্তব্যকে কেন্দ্র করেই বেড়েছে রহস্য, কৌতূহল ও ব্যাখ্যার বহর। অনেকেই মন্তব্য করেছেন— জয়া যেন ‘নিষিদ্ধতা’র প্রতীকী রূপ তুলে ধরেছেন তাঁর লুকে। কেউ তুলনা করেছেন ‘গাঙ্গুবাই’ লুকের সঙ্গে, কেউ বলেছেন— “একেবারে আগুন!”।
সম্প্রতি অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’–তে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী ২’। নতুন ছবির প্রস্তুতির ফাঁকে এই ফটোশুট যে জয়ার জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে দিল, তা বলাই বাহুল্য।







