হুগলির উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়াল হাসপাতাল জুড়ে। গামছা জাতীয় কাপড় দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় রোগীর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই প্রশ্নের পর প্রশ্ন উঠতে শুরু করেছে রোগী নিরাপত্তা নিয়ে।
মৃতের নাম নরেন্দ্রনাথ ভুঁইয়া (বয়স প্রায় ৬৫)। উত্তরপাড়া চকলেন এলাকার বাসিন্দা নরেন্দ্রনাথবাবু কয়েক দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তাঁর যক্ষ্মাও ধরা পড়ে। একাধিক শারীরিক অসুস্থতার জন্য সম্প্রতি তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিয়মমতো ওয়ার্ডেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকালে রুটিন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে আসা কর্মীরা নরেন্দ্রনাথবাবুকে গলায় গামছা বাঁধা অবস্থায় অচেতন পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি ডাক পড়ে চিকিৎসকদের। তবে পরীক্ষা করে তাঁরা বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় বা পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে না পারায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
হাসপাতালের ভিতরেই কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রবল ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে। বহু সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কেউ কীভাবে বিষয়টি টের পেল না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এক রোগীর আত্মীয় গৌতম রায়ের কথায়, “হাসপাতালের মতো জনবহুল জায়গায় এ রকম ঘটনা ঘটাটা অবাক করার মতো। পরিষ্কার তদন্ত হওয়া উচিত।” আরেক আত্মীয়া ক্যামেলিয়া সরকার বলেন, “আত্মহত্যা যদি হয়ে থাকে, তা করতে তো সময় লাগে। সেই সময়ে নজরদারি কোথায় ছিল?”
ঘটনার পরও হাসপাতালের সুপার এবং ডেপুটি সুপার কোনও মন্তব্য করতে রাজি হননি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।







