ক্রাইমজেলা

জামাইবাবুর ডিগ্রি জাল করে ৩ বছর ধরে রোগী দেখেছেন ইঞ্জিনিয়ার!

ললিতপুর জেলা মেডিক্যাল কলেজে এক চাঞ্চল্যকর ঘটনায় প্রকাশ্যে এসেছে গুরুতর জালিয়াতি। গত তিন বছর ধরে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত একজন চিকিৎসক আদৌ ডাক্তার নন—তিনি একজন ইঞ্জিনিয়ার! অবিশ্বাস্য হলেও সত্য, জামাইবাবুর ডিগ্রি ব্যবহার করে জাল নথি বানিয়ে সরকারি হাসপাতালে রোগী দেখতেন তিনি। ঘটনাটি সামনে আসতেই স্বাস্থ্য দপ্তর ও কলেজ প্রশাসনে শোরগোল পড়ে যায়।

অভিযোগ করেন এক মহিলা, যিনি নিজেকে ডাঃ সোনালী সিং বলে পরিচয় দেন। কলেজের অধ্যক্ষ ডাঃ মায়াঙ্ক শুক্লার কাছে তিনি জানান, হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ‘ডাঃ রাজীব গুপ্ত’ আসলে তাঁর স্বামী—যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করছেন। আর এই হাসপাতালে চিকিৎসা করছেন তাঁর ভাই অভিনব সিং, যিনি ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে যুক্ত। অভিযোগ, অভিনব তাঁর দুলাভাইয়ের মেডিক্যাল ডিগ্রি, ডক্টরেট সার্টিফিকেট ও অন্যান্য নথির নাম-ছবি বদলে সম্পূর্ণ ভুয়ো পরিচয় তৈরি করে ২০২২ সালে জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)-এর মাধ্যমে নিয়োগ পান।

অভিযুক্ত তিন বছর ধরে জেলার সবচেয়ে সংবেদনশীল বিভাগে রোগী দেখেছেন—ইসিজি রিপোর্ট পরীক্ষার থেকে শুরু করে ওষুধ লেখা পর্যন্ত সব দায়িত্ব সামলেছেন। অথচ হাসপাতালের কেউ তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেননি। কলেজ প্রশাসনের দাবি, অভিনব পরিকল্পিতভাবে নিজের ছবি, স্বাক্ষর ও পরিচয় ব্যবহার করে নথিপত্র জাল করেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই তিনি তড়িঘড়ি পদত্যাগ করেন।

ইতিমধ্যে সিএমও অফিস একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন—নিয়োগের সময় নথি যাচাইয়ে কীভাবে এমন ঢিলেমি হল, কোনও কর্মচারীর যোগসাজশ ছিল কি না, এবং তিন বছর ধরে চিকিৎসার ভিত্তি কী ছিল। অভিনব সিং আগে কাস্টমস বিভাগে চাকরি করতেন বলেও জানা গেছে। তাঁর কোনও চিকিৎসা প্রশিক্ষণ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় সরকারি স্বাস্থ্যব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েই বড় প্রশ্ন উঠেছে। তদন্ত এগোতেই আরও বিস্ফোরক তথ্য সামনে আসার আশঙ্কা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.