আবহাওয়া

১০ ডিগ্রির ঘরে ঢুকল পারদ, উত্তুরে হাওয়ায় কাঁপছে বাংলা — আগামী সপ্তাহে আরও নামবে তাপমাত্রা

রাজ্যে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। ভোর ও রাতের দিকে শিরশিরে ঠান্ডায় কাঁপছেন সাধারণ মানুষ। এখনও প্রবল শৈত্যপ্রবাহ না হলেও, আবহাওয়ার গতিপ্রকৃতি স্পষ্ট করে দিচ্ছে— শীত এবার পাকাপাকি ভাবেই হাজির। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমতে পারে।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ নেমেছে ১০ ডিগ্রির নীচে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও গত কয়েক দিন ধরে শীতের দাপট চোখে পড়ার মতো। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগেই ১৪.৫ ডিগ্রি ছুঁয়ে চলতি মরসুমের শীতলতম দিনের রেকর্ড তৈরি হয়েছিল।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তুরে শুষ্ক হাওয়ার প্রভাবেই এই ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলেও ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট বাড়ছে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা থাকবে বলে পূর্বাভাস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে শীতের তীব্রতা আরও বেশি। দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৪.২ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ ৯.২ ডিগ্রি। অন্যদিকে দক্ষিণবঙ্গের শীতলতম জায়গা হিসেবে উঠে এসেছে বীরভূমের শ্রীনিকেতন, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শীত আরও জোরদার হতে পারে। আপাতত রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কুয়াশা, ঠান্ডা আর উত্তুরে হাওয়ার সঙ্গেই শুরু হয়ে গেল এবছরের শীতের দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.