কলকাতারাজ্য

ভোটের মাঠে নামার আগেই কমিশনের কড়া বার্তা

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ব্যস্ততা তুঙ্গে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। যেটা বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই কলকাতার উইলিয়ামসন মেগর হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম সিইও, উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক ও রাজ্যের ২২টির বেশি এনফোর্সমেন্ট এজেন্সির প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় ৬ মাস আগে এই ধরনের প্রস্তুতিমূলক বৈঠক করার নিয়ম রয়েছে। সেই নির্দেশ মেনেই এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। বৈঠকের পর বিভিন্ন বিষয়ে স্পষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম বিষয় হিসেবে উঠে এসেছে কেন্দ্রীয় কন্ট্রোল রুম।

সেই কন্ট্রোল রুম নির্বাচনের বিজ্ঞপ্তি জারির দিন থেকেই চালু করা হবে। পাশাপাশি প্রতিটি দফতরকে নিজ ক্ষেত্রে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছ। যাতে তথ্য আদান-প্রদান দ্রুত কার্যকরভাবে করা সম্ভব হয়। মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ সব দফতরকে সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত নির্বাচন দফতরে পাঠাতে হবে। এমনকি নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। কমিশনের সেই সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পর রাজ্যের সমস্ত নাকা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

পাশাপাশি সেগুলির লাইভ ওয়েবকাস্টিং করা হবে। এছাড়াও ফ্লাইং স্কোয়াডের গাড়িতে জিপিএস ও ক্যামেরা বসিয়ে নজর রাখা হবে। প্রতিটি দফতর তাদের এলাকার সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থানগুলির তালিকা প্রস্তুত করবে। জেলা স্তরের নোডাল অফিসারদের সঙ্গে আলোচনা করে সেই তথ্য রাজ্য নির্বাচন দফতরে পাঠানো হবে। পাশাপাশি কোন বিধানসভা কেন্দ্র নির্বাচনী খরচের দিক থেকে বেশি সংবেদনশীল, তার একটি চূড়ান্ত তালিকাও রাজ্য স্তরে তৈরি হবে। এই সব প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে ২ মাস পর ফের একটি পর্যালোচনা বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.