খেলাধুলা

জনরোষের পর আইনি লড়াই: মেসি কাণ্ডে ক্ষতিপূরণ ও নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে তিনটি মামলা

লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে গত শনিবার যে নজিরবিহীন বিশৃঙ্খলা ও ভাঙচুর হয়েছিল, সেই ঘটনার জল এবার আদালত পর্যন্ত গড়াল। তৃণমূল সরকারের গঠিত তদন্ত কমিটির ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একে একে মোট তিনটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়েছে। সকলের মূল দাবি মুখ্যমন্ত্রীর গড়া কমিটির উপর ভরসা নেই, আদালতের নজরদারিতেই হোক গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত। ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন হাজার হাজার ফুটবলপ্রেমী বহু টাকা দিয়ে টিকিট কেটে তাদের প্রিয় তারকা মেসিকে এক ঝলক দেখার আশায় স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। কিন্তু অভিযোগ, মেসি মাঠে মাত্র ১৬ মিনিট ছিলেন এবং মাত্রাতিরিক্ত ভিআইপি ও নিরাপত্তারক্ষীর ভিড়ে সাধারণ গ্যালারি থেকে তাকে প্রায় দেখাই যায়নি। এর ফলে হতাশ জনতা ক্ষোভে ফেটে পড়ে, যার পরিণতিতে স্টেডিয়ামজুড়ে বোতল ছোড়া এবং চেয়ার ভাঙার মতো তাণ্ডব শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে হয়। পরে অবশ্য মুখ্যমন্ত্রী দর্শকদের কাছে ক্ষমা চেয়ে এবং টিকিট বিক্রির টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিতে মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর মতো শীর্ষ সরকারি আধিকারিকরাও আছেন।

সোমবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে প্রথম মামলাটি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবী আবেদন করেন, সরকারি আধিকারিকদের নিয়ে গঠিত এই কমিটি সঠিক তদন্ত করতে পারবে না, তাই আদালত যেন এর বৈধতা খতিয়ে দেখে। একই দাবি নিয়ে অপর একটি মামলা করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এরপর তৃতীয় জনস্বার্থ মামলাটি দায়ের করেন আবেদনকারী মৈনক ঘোষাল।

আদালতে দায়ের হওয়া মামলাগুলোতে শুধু তদন্তের নজরদারিই নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে যেমন সমস্ত দর্শকদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। ঘটনায় যেহেতু বিপুল পরিমাণ অর্থের লেনদেন জড়িত, তাই আর্থিক তছরুপের দিকটি খতিয়ে দেখতে ইডি (ED) এবং সিবিআই (CBI) কে তদন্তের দায়িত্ব দিতে হবে। স্টেডিয়ামের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পুরো খরচ আয়োজক সংস্থাকেই বহন করতে হবে। আদালত এরই মধ্যে শুভেন্দু অধিকারী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়ের দায়ের করা দুটি মামলারই অনুমতি দিয়েছে। এখন দেখার বিষয়, হাইকোর্ট এই হাই-প্রোফাইল মামলার তদন্তভার রাজ্যের কমিটির হাত থেকে নিয়ে নিজেদের তত্ত্বাবধানে দেয় কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.