বিনোদন

গভীর রাত পর্যন্ত পার্টি, বেঙ্গালুরুতে শিল্পা শেট্টির ‘বাস্তিয়ান’-এর বিরুদ্ধে FIR, আটক ম্যানেজার

আইনি বিতর্ক যেন পিছুই ছাড়ছে না রাজ কুন্দ্রা–শিল্পা শেট্টি দম্পতির। একের পর এক মামলার আবহে ফের শিরোনামে অভিনেত্রীর সাধের সেলেব রেস্তরাঁ ‘বাস্তিয়ান’। এবার মুম্বই নয়, বেঙ্গালুরুর বাস্তিয়ান ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। নির্ধারিত সময়ের পরেও গভীর রাত পর্যন্ত রেস্তরাঁ খোলা রেখে পার্টি চলার অভিযোগে বেঙ্গালুরু পুলিশের তরফে এফআইআর দায়ের হয়েছে। ঘটনায় রেস্তরাঁর ম্যানেজারকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, গত ১১ ডিসেম্বর রাতে বেঙ্গালুরুর ওই আউটলেট রাত দেড়টা পর্যন্ত খোলা ছিল। শুধু তাই নয়, সেই সময়েও সেখানে জোরকদমে পার্টি চলছিল বলে অভিযোগ। কর্ণাটক সরকারের নির্দিষ্ট সময়সীমা অমান্য করার অভিযোগে কিউবন পার্ক থানায় কর্ণাটক পুলিশ আইনের ১০৩ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও কীভাবে রেস্তরাঁ কর্তৃপক্ষ রাতভর খদ্দেরদের পার্টির অনুমতি দিল?

উল্লেখ্য, দিন কয়েক আগেই বেঙ্গালুরুর ‘বাস্তিয়ান পাবে’ বিল মেটানো নিয়ে বচসার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার আইনভঙ্গের অভিযোগে নতুন করে চাপে পড়ল কর্তৃপক্ষ। যদিও এই ঘটনায় শিল্পা শেট্টি বা তাঁর প্রতিনিধিদের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

২০১৯ সালে শিল্পা শেট্টি রঞ্জিত বিন্দ্রার সঙ্গে যৌথ উদ্যোগে ‘বাস্তিয়ান’-এর যাত্রা শুরু করেন। বিলাসবহুল পরিবেশ ও উচ্চমূল্যের মেনুর জন্য এই রেস্তরাঁ সেলেব ও হাই-প্রোফাইল খদ্দেরদের কাছে জনপ্রিয়। একাধিক প্রতিবেদনে দাবি, এক রাতেই কোটি টাকার ব্যবসা হয় এখানে। তবে এবার সেই গ্ল্যামারের আড়ালে নিয়মভঙ্গের অভিযোগে আইনি গেরোয় জড়াল শিল্পার জনপ্রিয় রেস্তরাঁ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.