জেলা

উত্তরবঙ্গের আকাশে রহস্যজনক উল্কাপাত, আতঙ্ক জলপাইগুড়ি-শিলিগুড়ি জুড়ে

বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গের আকাশে দেখা গেল এক বিরল ও রহস্যজনক দৃশ্য। আচমকা বিকট শব্দের সঙ্গে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আলোর ঝলক। মুহূর্তের মধ্যেই সেই উজ্জ্বল আলোর রেখা উত্তর দিক থেকে দক্ষিণের দিকে ছুটে যায় এবং আকাশেই মিলিয়ে যায়। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন একাধিক এলাকায়, যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ হঠাৎই আকাশে একটি উজ্জ্বল আগুনের মতো আলোর রেখা দেখতে পান তাঁরা। সেই আলো দ্রুত গতিতে এগিয়ে গিয়ে মিলিয়ে যায়, ঠিক তার পরেই শোনা যায় প্রবল বিস্ফোরণের মতো শব্দ। অনেকেরই মনে হয়, যেন কোনও বড় দুর্ঘটনা ঘটে গেছে। কেউ কেউ প্রথমে একে ক্ষেপণাস্ত্র বা বিমান দুর্ঘটনা বলেও সন্দেহ করেন।

ঘটনার পর বহু মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। কেউ মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করেন, আবার কেউ এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকেন। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই রহস্যজনক দৃশ্য। নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা—এটি কি উল্কাপাত?

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, প্রাথমিক তদন্তে এটিকে উল্কাপাত বলেই অনুমান করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, এর আগে এমন দৃশ্য তাঁরা কখনও দেখেননি। আকাশে তীব্র আলোর ঝলক ও বিকট শব্দ—সব মিলিয়ে গোটা ঘটনাটি অত্যন্ত রহস্যজনক বলে মনে হয়েছে তাঁদের কাছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই অজানা আকাশচর ঘটনাকে ঘিরে আপাতত গোটা উত্তরবঙ্গ জুড়েই চলছে আলোচনা ও কৌতূহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.