জেলারাজ্য

কাল বঙ্গ সফরে মোদী: দেড় লক্ষ মানুষের জমায়েত ও জোড়া মঞ্চে ঠাসা কর্মসূচি, তাহেরপুরে সাজ সাজ রব

নদিয়ার তাহেরপুরে এখন সাজ সাজ রব। বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে, আর সেই আবহে বঙ্গে নিজের প্রথম নির্বাচনী জনসভা করতে শনিবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকে কেন্দ্র করে কার্যত দুর্গের চেহারা নিয়েছে গোটা তাহেরপুর। চারিদিকে উড়ছে গেরুয়া পতাকা, আর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাতায়াতের রাস্তা।

শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রধানমন্ত্রী দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে করে পৌঁছবেন তাহেরপুরে। প্রধানমন্ত্রীর জন্য তাহেরপুর থানার মাঠে ইতিমধ্যেই তিনটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। নিরাপত্তার খাতিরে হেলিপ্যাড থেকে সভাস্থল পর্যন্ত এক কিলোমিটার রাস্তা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মোতায়েন থাকছে এসপিজি, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম। এমনকি আশেপাশের বাড়ির ছাদেও থাকছেন নিরাপত্তারক্ষীরা। সিসিটিভি আর পুলিশ কুকুর নিয়ে শুক্রবার থেকেই চলছে কড়া নজরদারি।

সভা ও সরকারি কর্মসূচির জন্য তাহেরপুরের নেতাজি পার্কের মাঠে দুটি আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চ রাজনৈতিক, যেখানে প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। অন্যটি সরকারি মঞ্চ, যেখান থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। উদ্যোক্তারা জানিয়েছেন, মূল মাঠে প্রায় দেড় লক্ষ মানুষের বসার আয়োজন করা হয়েছে। তবে জমায়েত তার চেয়েও অনেক বেশি হবে বলে মনে করা হচ্ছে, তাই মাঠের বাইরেও লাগানো হয়েছে বড় জায়ান্ট স্ক্রিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদীর এই সফরের জন্য তাহেরপুরকে বেছে নেওয়া অত্যন্ত কৌশলী সিদ্ধান্ত। মতুয়া এবং নমঃশূদ্র অধ্যুষিত এই এলাকায় এসআইআর (SIR) বা ভোটার তালিকা নিয়ে এক ধরণের আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে। ওপার বাংলা থেকে আসা মানুষদের সিএএ (CAA) নিয়ে দীর্ঘদিনের দাবি রয়েছে। মনে করা হচ্ছে, এই সভা থেকে নাগরিকত্ব এবং ভোটার তালিকা সংক্রান্ত বিতর্ক নিয়ে বড় কোনো আশ্বাস বা বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী।
প্রায় দেড় ঘণ্টা তাহেরপুরে কাটিয়ে প্রধানমন্ত্রী সোজা কলকাতা হয়ে অসমের গুয়াহাটির উদ্দেশে রওনা দেবেন। সব মিলিয়ে শনিবার নদিয়ার এই ছোট জনপদটিই হতে চলেছে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.