দেশজুড়ে ফের বদলাতে চলেছে আবহাওয়ার ছবি। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী চার দিন বৃষ্টি, দমকা হাওয়া ও শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানাল মৌসম ভবন। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড-সহ মোট আটটি রাজ্যে ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল ঠান্ডার সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতরের মতে, ঘন কুয়াশার দাপটে সড়ক, রেল ও বিমান পরিষেবা ব্যাহত হতে পারে। সেই কারণে যাত্রাপথে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। উত্তর ভারতের পাহাড়ি এলাকায় তাপমাত্রা দ্রুত নামতে থাকায় শৈত্যপ্রবাহের আশঙ্কা বাড়ছে।
শুধু উত্তর ভারত নয়, দক্ষিণ ভারতেও বৃষ্টির দাপট কমছে না। একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে বাংলাতেও শীতের ইনিংস জোরদার হওয়ার ইঙ্গিত। বড়দিনের পর থেকে তাপমাত্রা আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নামার সম্ভাবনা, আর পশ্চিমের জেলাগুলিতে কনকনে ঠান্ডা অনুভূত হতে পারে। উত্তরবঙ্গে শীত ইতিমধ্যেই চেপে বসেছে—দার্জিলিঙে পারদ ঘোরাফেরা করছে ৫ ডিগ্রির কাছাকাছি।
আগামী এক সপ্তাহ তাপমাত্রায় বড় রদবদল না হলেও ২৫ ডিসেম্বরের পর থেকে রাজ্যজুড়ে শীতের আমেজ আরও তীব্র হবে বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের।







