বর্ষার শুরুতেই ঘনিয়ে আসছে বিপদের কালো মেঘ। নিম্নচাপের প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে নামতে পারে ঝেঁপে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে—দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রবল। ইতিমধ্যেই ১৫টি জেলায় জারি হয়েছে লাল ও কমলা সতর্কতা।
দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি হয়েছে, যেখানে দিনে ২০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কলকাতা-সহ হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় রয়েছে কমলা সতর্কতা।
বিশেষ করে কলকাতায় একদিনে ২০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস পেয়ে তৎপর হয়েছে পুরসভা। নিচু জায়গাগুলিতে জল জমে তীব্র যানজট তৈরি হতে পারে বলেই আশঙ্কা। বৃষ্টির জেরে ক্ষতির মুখে পড়তে পারে সবজি ও ফুলচাষও।
উত্তরবঙ্গের জেলাগুলিও বৃষ্টির রোষে পড়তে চলেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—সব জায়গাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে বৃহস্পতিবারের জন্য।
যদিও শুক্রবার ও শনিবার কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে, কিন্তু রবিবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। সব মিলিয়ে, বর্ষার শুরুতেই রাজ্য জুড়ে টানটান সতর্কতা—একদিকে যেমন বৃষ্টির আশীর্বাদ, অন্যদিকে ততটাই বড় প্রাকৃতিক চ্যালেঞ্জ।







