মদের জন্য মাত্র ১০ টাকা না দেওয়াকেই কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ উঠল এক নেশাগ্রস্ত কিশোরের বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে এক ৪৯ বছরের প্রৌঢ়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কিশোরের বয়স ১৭ বছর। ঘটনার সময় সে মত্ত অবস্থায় ছিল।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মদ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোর। কিন্তু পকেটে প্রয়োজনীয় টাকা না থাকায় রাস্তায় এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের কাছে ১০ টাকা চায় সে। নিহত প্রৌঢ়ের নাম তাতাজি। তিনি ওই কিশোরকে চিনতেন না এবং টাকা দিতে অস্বীকার করেন। তা নিয়েই দু’জনের মধ্যে বচসা শুরু হয়।
তদন্তকারীদের দাবি, বচসার একপর্যায়ে তাতাজি ওই কিশোরকে ধাক্কা দেন এবং হাত তোলেন। সেই মুহূর্তেই চরম ক্ষোভে পকেটে রাখা ছুরি বের করে তাতাজির উপর এলোপাথাড়ি কোপ বসায় কিশোর। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তাতাজি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি একটি মদের দোকান থেকে মাত্র ২০ মিটার দূরে। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত কিশোরকে আটক করে।
প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্ত ঘটনার সময় সম্পূর্ণ নেশাগ্রস্ত ছিল। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে জুভেনাইল জাস্টিস আইনের আওতায় আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।
এই ঘটনায় আবারও নেশার প্রভাব এবং অপ্রাপ্তবয়স্কদের মধ্যে অপরাধপ্রবণতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সমাজবিদেরা।







