ব্যাডমিন্টন দুনিয়ায় এক নতুন ইতিহাস লিখলেন দক্ষিণ কোরিয়ার বিষ্ময় বালিকা আন সে ইয়ং। রবিবার বিডব্লিউএফ (BWF) ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতে তিনি বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এক বছরে ১০ লক্ষ মার্কিন ডলারেরও বেশি প্রাইজমানি বা পুরস্কার মূল্য পকেটে পুরলেন। রবিবারের ফাইনালে জেতার পর তাঁর এ বছরের মোট উপার্জনের পরিমাণ দাঁড়িয়েছে ১,০০৩,১৭৫ মার্কিন ডলারে। চীনের হাংঝাউয়ে অনুষ্ঠিত এই মেগা ফাইনালে আন সে ইয়ং হারালেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়াং ঝি ই-কে। ম্যাচের স্কোরলাইন ছিল ২১-১৩, ১৮-২১ এবং ২১-১০। এটি ছিল এ মরসুমে কোরিয়ান এই তারকার ১১ নম্বর খেতাব। এর আগে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ১১টি শিরোপা জেতার রেকর্ড ছিল জাপানি তারকা কেন্টো মোমোতার দখলে, এবার সেই বিরল রেকর্ডে ভাগ বসালেন আন।
শুধুমাত্র রেকর্ড নয়, আন সে ইয়ংয়ের জয়ের পরিসংখ্যানও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এ বছর ৭৭টি ম্যাচের মধ্যে ৭৪টিতেই জয় পেয়েছেন তিনি। তাঁর জয়ের হার ৯৪.৮০ শতাংশ, যা ব্যাডমিন্টনের ইতিহাসে লিন ডান বা লি চং উই-এর মতো কিংবদন্তিদেরও ছাপিয়ে গিয়েছে। ফাইনালে ঝি ই-র বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ ছিল না। প্রায় ৯৬ মিনিটের ম্যারাথন ম্যাচে পায়ের চোট বা ক্র্যাম্প সামলেও যেভাবে তিনি অদম্য জেদ নিয়ে লড়েছেন, তা দেখে মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা।
দিনের শুরুতে দক্ষিণ কোরিয়ার জন্য খুশির খবর ছিল আরও একটি। কিম ওনহো এবং সিও সেউংজে-র পুরুষ দ্বৈত জুটি এ বছর নিজেদের ১১তম ট্রফি জিতে নতুন রেকর্ড গড়েছেন। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে বড় চমক দিয়েছেন ফ্রান্সের ক্রিস্টো পপভ। তিনি বিশ্ব চ্যাম্পিয়ন শি ইউকিকে সরাসরি গেমে হারিয়ে ফ্রান্সের প্রথম খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের শিরোপা জিতে ইতিহাস গড়লেন। তবে কোরিয়ানদের দাপটের দিনে চীনা সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে মিক্সড ডাবলস। অল-চাইনিজ ফাইনালে ফেং ইয়ান ঝে এবং হুয়াং ডং পিং চ্যাম্পিয়ন হয়েছেন। সব মিলিয়ে এবারের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস কেবল আন সে ইয়ংয়ের লক্ষ লক্ষ ডলারের উপার্জনের জন্য নয়, ব্যাডমিন্টন কোর্টে একাধিক নতুন নজির গড়ার জন্যও স্মরণীয় হয়ে থাকবে।







