খেলাধুলা

বিশাখাপত্তনমে লঙ্কা বধ! জেমাইমার বিধ্বংসী হাফসেঞ্চুরিতে হাসতে হাসতে জয় ভারতের

একদিনের বিশ্বকাপে বিশ্বজয়ের স্বাদ পাওয়ার পর আবারও সাফল্যের সরণিতে ভারতীয় মহিলা ব্রিগেড। বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীত কউরেরা। ৮ উইকেটের এই দাপুটে জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। বোলারদের নিয়ন্ত্রিত স্পেলের পর জেমাইমা রদ্রিগেজের বিধ্বংসী ব্যাটিংয়ে কার্যত উড়ে গেল লঙ্কান দল।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান তোলে শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের আঁটোসাাঁটো বোলিংয়ের সামনে সফরকারী দলের কোনো ব্যাটারই থিতু হতে পারেননি। অভিষেককারী স্পিনার বৈষ্ণবী শর্মা উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিজের জাত চিনিয়েছেন। ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি এবং দীপ্তি শর্মাদের দাপটে অল্প রানেই আটকে যায় শ্রীলঙ্কা। তবে ভারতের ফিল্ডিং নিয়ে কিছুটা প্রশ্ন থেকে গিয়েছে; বেশ কয়েকটি সহজ ক্যাচ ফসকে যাওয়ায় শ্রীলঙ্কার স্কোরবোর্ড আরও ছোট হতে পারত।

জবাবে ব্যাট করতে নেমে নজর ছিল স্মৃতি মান্ধানার দিকে। ব্যক্তিগত জীবনের ঝোড়ো ইনিংসের ধাক্কা কাটিয়ে ঠিক ১৪ দিন পর মাঠে ফিরেছিলেন তিনি। অনুশীলনে হাসিখুশি থাকলেও খেলার মাঠে সেই পুরনো ছন্দটা কিছুটা হলেও উধাও ছিল। ফিল্ডিংয়ে ভুল করার পাশাপাশি ব্যাটিংয়ের শুরুতেও টাইমিং করতে সমস্যা হচ্ছিল তাঁর। শেষ পর্যন্ত ২৫ বলে ২৫ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন। তবে এই ইনিংস খেলার পথেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০০০ রানের গণ্ডি পেরিয়ে এক বিরল ইতিহাস গড়েন স্মৃতি।

স্মৃতি বা শেফালি বর্মা এদিন বড় রান না পেলেও জেমাইমা রদ্রিগেজ ছিলেন অনন্য মেজাজে। শুরু থেকেই মাঠের চারদিকে স্ট্রোকের ফুলঝুরি ছোটান তিনি। ৪৪ বলে ৬৯ রানের এক মারকুটে ইনিংস খেলে অপরাজিত থাকেন জেমাইমা। তাঁর ইনিংসে ছিল ১০টি দর্শনীয় চার। জয়ের জন্য প্রয়োজনীয় বাকি কাজটুকু সেরে নেন অধিনায়ক হরমনপ্রীত। শেষ পর্যন্ত ৩২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে নতুন মুখদের সুযোগ দিয়ে দেখে নেওয়ার এই কৌশল যে দারুণ কাজ করছে, তা এই ম্যাচেই প্রমাণিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.