খেলাধুলা

ভারতের যুব প্যারা-ক্রীড়াবিদদের রেকর্ড সাফল্য: এশিয়ান গেমসে ১৯ সোনা সহ মোট ৫৬টি পদক জয়

দুবাইয়ে সদ্য শেষ হওয়া পঞ্চম এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে ভারতীয় যুব প্যারা-ক্রীড়াবিদরা ইতিহাস তৈরি করেছেন। তারা শুধু দেশের মুখ উজ্জ্বল করেননি, নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে নতুন এক মাইলফলকও তৈরি করেছেন। এইবার ভারত মোট ৫৬টি পদক জিতে পদক তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে। এই পদকগুলির মধ্যে রয়েছে ১৯টি সোনা, ১৫টি রুপো এবং ২২টি ব্রোঞ্জ। এর আগে ২০১৭ সালের দুবাই গেমসে ভারত ৪৪টি পদক পেয়েছিল, যা ছিল সেরা ফল। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে যুব দল দেখিয়ে দিল সুযোগ পেলে তারাও নিজেদের দেশের জন্য সোনা আনতে পারে।

এই সাফল্যের বেশিরভাগ পদক এসেছে মূলত সাঁতার এবং অ্যাথলেটিক্স থেকে।
ভারতের পদকের সূচনা হয়েছিল সাঁতারু আব্দুল কাদির ইন্দোরির হাত ধরে। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জেতার পর তিনি ৫০ মিটার ফ্রিস্টাইল এবং ১০০ মিটার ফ্রিস্টাইলেও সোনা এনে দেন। এছাড়াও রবি ভিরা ভেঙ্কটা ভবানি কার্তিক বুডিগিনা একাই তিনটি সোনা জেতেন। অ্যাথলেটিক্স ডিসিপ্লিনেও একের পর এক সোনা এসেছে। মেয়েদের শট পুটে ভূবি আগরওয়াল সোনা জেতেন, এবং এর সঙ্গে লং জাম্পেও স্বর্ণপদক নিশ্চিত করেন। অন্যদিকে, জ্যাভলিন থ্রোতে ইরফান দিওয়ান এবং শট পুট ও ডিসকাস থ্রোতে প্রবীণ শর্মা দু’জনেই একটি করে সোনা জিতেছেন। টেবিল টেনিসেও নিজেদের ছাপ রেখে গেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। বেবি শাহানা রবি মেয়েদের সিঙ্গলস ক্লাসে সোনা জেতেন।

এই প্রতিযোগিতায় প্রায় ৩৫টি দেশ থেকে ১৫০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। উজবেকিস্তান ৯৯টি স্বর্ণপদকসহ মোট ১৫৩টি পদক নিয়ে তালিকার শীর্ষে থাকলেও, আমাদের দেশের যুব প্যারা-অ্যাথলিটদের এই রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য। এই তরুণরা প্রমাণ করলেন যে প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, বরং তা আরও বড় কিছু অর্জনের প্রেরণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.