এশিয়া কাপকে ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভেতরে চলা অস্থিরতার এক চাঞ্চল্যকর দিক প্রকাশ্যে এসেছে। করমর্দন-বিতর্কের জেরে পাকিস্তান দলকে এশিয়া কাপ থেকে প্রত্যাহার করে নেওয়ার চিন্তাভাবনা করেছিলেন বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি। তবে শেষ মুহূর্তে দৃশ্যপটে প্রবেশ করেন নাজম শেঠি। যাঁর সঙ্গে নকভির সম্পর্ক বরাবরই বৈরিতায় ভরা। দেশ ও বোর্ডের স্বার্থে ব্যক্তিগত মনোমালিন্য ভুলে নকভিকে থামিয়ে পাকিস্তান ক্রিকেটকে বড় লজ্জা থেকে বাঁচান তিনি।
শেঠির বক্তব্যে স্পষ্ট, এ সিদ্ধান্ত কার্যকর হলে পাকিস্তানের ক্রিকেট শুধু প্রশাসনিক নয়, আর্থিকভাবেও ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসির শাস্তি নিশ্চিত ছিল। পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়রা মুখ ফিরিয়ে নিতেন। পাশাপাশি সম্প্রচারস্বত্ব থেকে যে বিপুল আয়ের আশা ছিল, তা কার্যত শূন্যে নেমে আসত। শেঠির ভাষায়, ‘‘এক মুহূর্তের অসাবধানতায় বোর্ডের অপূরণীয় ক্ষতি হয়ে যেত।’’
বোর্ডে ক্ষমতার লড়াই বহুদিনের। নাজম শেঠিকে সরিয়েই ক্ষমতায় এসেছিলেন নকভি। ফলে ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন অস্বীকার করার উপায় নেই। তবু লাহোরে বৈঠকে বসতে রাজি হন শেঠি। তাঁর যুক্তি, ব্যক্তিগত স্বার্থ নয়, দেশের ক্রিকেটের ভবিষ্যতই তাঁর অগ্রাধিকার। তিনি বুঝেছিলেন, পাকিস্তান যদি নাম তুলত, তবে শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, কূটনৈতিক অঙ্গনেও নতুন জটিলতা তৈরি হতো।
এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এল পাকিস্তান বোর্ডের অন্তর্দ্বন্দ্ব। যেখানে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই জাতীয় স্বার্থকে ছাপিয়ে যায়। তবে এবার অন্তত শেঠির কৌশলী পদক্ষেপই বোর্ডকে রক্ষা করেছে। প্রশ্ন উঠছে, একই ভুল আবারও কি পুনরাবৃত্তি হবে, নাকি শিক্ষা নিয়ে পাকিস্তান বোর্ড নিজেদের স্থিতিশীল করবে।







