খেলাধুলা

বিশ্বকাপের আগে স্বপ্নের ফর্মে স্মৃতি মন্ধনা, দাপুটে লড়েও অস্ট্রেলিয়ার কাছে পরাজয়

দিল্লির গরম দুপুরে কোটলার ব্যাটিং স্বর্গে এক নজিরবিহীন ম্যাচের সাক্ষী হলেন দর্শকরা। মহিলাদের ক্রিকেটে এমন রানবন্যা আগে দেখা যায়নি। অস্ট্রেলিয়ার ৪১২ রানের পাহাড় টপকাতে নেমে ভারত শেষ পর্যন্ত থেমেছে ৩৬৯ রানে। ম্যাচ হেরেছে ৪৩ রানে ঠিকই, তবে হরমনপ্রীত কউরের দল দেখিয়ে দিল—দুনিয়ার সেরা দলের বিপক্ষে তারাও চোখে চোখ রেখে লড়াই করতে পারে।

অস্ট্রেলিয়ার ইনিংসের মূল নায়ক বেথ মুনি। ৭৫ বলে ১৩৮ রানের ঝড়ো ইনিংসে কার্যত ম্যাচের ভিত তৈরি করেন তিনি। তাঁর সঙ্গে এলিস পেরি, জর্জিয়া ভল, এমনকি গার্ডনারও ভারতীয় বোলিংকে ছিন্নভিন্ন করে দেন। একের পর এক চার-ছয়ের বন্যায় অজিদের রান উঠে যায় ৪১২-তে। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ৭৭৭ রান উঠেছে—যা মহিলাদের ক্রিকেট ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড।

তবে ভারতও হার মানেনি। রানের বোঝা যতই কঠিন হোক, স্মৃতি মন্ধানা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে অজিদের বোলিং আক্রমণকে চাপে রাখেন। মাত্র ৬৩ বলে ১২৫ রানের ইনিংসে গড়েন দ্রুততম শতকের ভারতীয় রেকর্ড। তাঁকে সঙ্গ দেন অধিনায়ক হরমনপ্রীত কউর (৩৫ বলে ৫২) এবং পরে দীপ্তি শর্মা (৫৮ বলে ৭২)। শেষ পর্যন্ত জয়ের দূরত্ব মুছে ফেলা সম্ভব হয়নি, তবে প্রতিটি রানেই লড়াই ছিল চোখে পড়ার মতো।

ম্যাচ শেষে হরমনপ্রীত খোলাখুলি স্বীকার করেছেন, ফিল্ডিংয়ে উন্নতি দরকার। তবে তাঁর বক্তব্য, ব্যাটিংয়ের গভীরতা এবং দলীয় মানসিকতা এই সিরিজে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স ভারতীয় মহিলা ক্রিকেটকে নিঃসন্দেহে আরও শক্ত ভিত দিচ্ছে। হারের মাঝেও এক নতুন স্বপ্নের আভাস মিলল দিল্লির মাঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.