দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটল কলকাতা ফুটবলে। হাই কোর্টের রায়ের মাত্র এক দিনের মাথায় আনুষ্ঠানিক ভাবে গত মরসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হল ইস্টবেঙ্গলকে। বহু বিতর্ক, আদালত থেকে আদালত ঘোরার পর শেষমেশ স্পষ্ট হল আইএফএ-র অবস্থান। শনিবার লিগ কমিটির বৈঠকের পর সচিব অনির্বাণ দত্ত জানিয়ে দিলেন—গত বার ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল, রানার-আপ ডায়মন্ড হারবার এফসি। এই ঘোষণার ফলে এক ঐতিহাসিক পরিস্থিতি তৈরি হয়েছে—তিন দিনের মধ্যে টানা দু’বার কলকাতা লিগ জেতার সুযোগ পেতে চলেছে লাল-হলুদ।
আসলে গত মরসুম থেকেই জমে উঠেছিল আইনি লড়াই। ডায়মন্ড হারবার নির্ধারিত তারিখে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামেনি। তাদের যুক্তি ছিল, আই লিগ ২ এবং অন্য প্রতিযোগিতার ভিড়ে খেলোয়াড়েরা ক্লান্ত, তাই ম্যাচ পিছোনোর অনুরোধ জানিয়েছিল তারা। আইএফএ সেই আবেদন খারিজ করায় ডায়মন্ড হারবার খেলেনি। ফলে ওয়াকওভার পেয়ে ইস্টবেঙ্গল ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে। আইএফএও তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করে। কিন্তু জেলা আদালত সেই সিদ্ধান্ত আটকে দেয়।
হাই কোর্টের সর্বশেষ রায়ে জেলা আদালতের নির্দেশকে আইনসঙ্গত নয় বলে জানানো হয়েছে। এই রায়ের ভিত্তিতেই আইএফএ আবারও ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন স্বীকৃতি দিল। আইএফএ সচিবের ভাষায়, “আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আদালতের রায় হাতে পাওয়ার পরই দেরি না করে সিদ্ধান্ত জানাতে হয়েছে।” শনিবারই সংশ্লিষ্ট ক্লাবগুলির কাছে চিঠি পাঠানো হয়। খুব শিগগিরই ট্রফি তুলে দেওয়া হবে ইস্টবেঙ্গলের হাতে।
তবে এখানেই শেষ নয়। সোমবার চলতি মরসুমের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ড্র করলেই আবারও চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। সে ক্ষেত্রে মাত্র তিন দিনের ব্যবধানে দুই মরসুমের কলকাতা লিগ ট্রফি উঠবে লাল-হলুদের ঘরে—যা কলকাতা ফুটবলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে।







