“তোমাকে চাই”—এই বার্তা দিয়েই মোহনবাগানের সচিব পদে ফেরার লক্ষ্যে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন সৃঞ্জয় বসু। শনিবার সল্টলেকে প্রাক্তন তারকা শিশির ঘোষ ও সোমা বিশ্বাসের উপস্থিতিতে তাঁর নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন তিনি। মোহনবাগানের ইতিহাসে এই প্রথম কোনও প্রার্থী প্রকাশ্যে ইস্তাহার প্রকাশ করলেন বলে দাবি করেন সৃঞ্জয়। নতুন ভাবনা ও স্বচ্ছতা আনতে এবার ক্লাব সচিব পদে ফিরতে চান তিনি।
১৪ দফা প্রতিশ্রুতিতে রয়েছে সদস্যদের জন্য খোলামেলা ও আধুনিক পরিবেশের প্রতিশ্রুতি। ক্লাব ক্যাফেটেরিয়া ও সদস্য গ্যালারির উন্নয়ন, প্রবীণ সদস্যদের বার্ষিক চাঁদা মকুবের উদ্যোগ, প্রয়াত সদস্যের পরিবারকে সদস্যপদ হস্তান্তর, এবং টিকিট ব্যবস্থার আধুনিকীকরণ—এই সবই তাঁর অঙ্গীকারের অন্তর্ভুক্ত। তিনি চান, ক্লাব যেন আর কোনও সদস্যের জন্য জটিলতা না সৃষ্টি করে।
সৃঞ্জয়ের ভাবনায় ক্লাব শুধু মাঠে সীমাবদ্ধ থাকবে না। ক্লাবকে বিপণনযোগ্য করে তোলা, সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয়তা, প্রাক্তন খেলোয়াড়দের সম্মান জানানো এবং ক্লাবে নারী প্রতিনিধিদের সংখ্যা বাড়ানো তাঁর লক্ষ্য। পাশাপাশি টেনিস কার্নিভালের পুনরুজ্জীবনের কথাও রয়েছে ইস্তাহারে।
এই প্রতিশ্রুতি যে শুধু নির্বাচনী দাওয়াই নয়, বরং মোহনবাগানকে সময়ের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পিত রূপরেখা, তা স্পষ্ট সৃঞ্জয়ের ঘোষণায়। এখন দেখার, সবুজ-মেরুন সমর্থকরা কীভাবে গ্রহণ করেন এই পরিবর্তনের ডাক।







