ফের বিতর্কিত মন্তব্যে সামিল হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আজ বেলদায় প্রাতঃভ্রমণে বেরোনোর সময় বেশ কয়েকজন তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দেন। স্লোগান শুনে রীতিমতো খাপ্পা হয়ে ওঠেন দিলীপ। তাঁদের বুকে পা তুলে দেবেন, এমনই হুমকি দেন তিনি। যার জেরে ইতিমধ্যেই সমালোচনার রোল উঠেছে রাজ্য-রাজনীতিতে।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
তৃণমূলের এই বিক্ষোভকে পাত্তা দিতে চান না সহ-সভাপতি। তাঁর কথায়, ‘বেলদার লোকজন এমপি দেখেনি কোনওদিন। তাই আমাকে দেখতে এসেছে। আগের সাংসদরা তো এলাকায় আসতো না। এখানে সমস্যার কিছু নেই। ওটা তৃণমূলের স্লোগান। নিজের দলের নেতাদেরও দেয়। আসলে যাঁদের ভালোবাসে তৃণমূল নেতারা, তাঁদেরই গোব্যাক স্লোগান দেয়।’ তাঁর সংযোজন, ‘সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল আমায়। বুকে পা তুলে দেব।’
উল্লেখ্য, বেলদায় যে গেস্ট হাউসে রয়েছেন দিলীপ ঘোষ, তার সামনেই চলে এই বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না? সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। দিলীপকে দেখা মাত্রই গো-ব্যাক স্লোগান থেকে চোর চোর বলে আওয়াজ তোলেন বিক্ষোভকারীরা। তাতেই মেজাজ হারিয়ে এই সুরে কথা বলেন সর্বভারতীয় সহ-সভাপতি। একজন সাংসদের মুখ থেকে উচ্চারিত এই মন্তব্য তীব্র আলোড়ন ফেলেছে রাজ্য-রাজনীতিতে।






