রাজনীতি

একুশের আগে ‘আসল’ তৃণমূলে বড় ধাক্কা প্রতিপক্ষকে, ঋতব্রত শিবিরে বিশ্বজিৎ-তাপস

একুশে জুলাইয়ের কর্মসূচির আগে আরও শক্তিশালী হল ‘আসল’ তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে এবার যোগ দিলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক এবং বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ দাস। শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতার কক্ষে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জামান আনসারির সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরই তাঁর ‘আসল’ তৃণমূলে যোগদানের বিষয়টি কার্যত স্পষ্ট হয়ে যায়। একই দিনে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক ও বারাসত সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তাপস চট্টোপাধ্যায়ও এই শিবিরে নাম লেখান।

বাংলার রাজনীতিতে একাধিকবার দল পরিবর্তনের জন্য পরিচিত বিশ্বজিৎ দাস। ২০১১ ও ২০১৬ সালে তিনি তৃণমূলের টিকিটে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। পরে ২০১৯ সালের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন। তবে সেই বছরই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তিনি বিধানসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে ফিরে আসেন। দল তাঁর উপর আস্থা রেখে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বও দেয়।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল তাঁকে আবার বনগাঁ উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করলেও তিনি বিজেপির অশোক কীর্তনিয়ার কাছে পরাজিত হন। বর্তমানে অশোক কীর্তনিয়া রাজ্যের খাদ্যমন্ত্রী। নির্বাচনে হারের পর রাজনৈতিকভাবে অনেকটাই নীরব ছিলেন বিশ্বজিৎ। তবে শুক্রবার আচমকাই বিধানসভায় এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। এরপর তাঁর নতুন শিবিরে যোগদানের জল্পনা আরও জোরালো হয়।

যদিও বিষয়টি নিয়ে সরাসরি কোনও ঘোষণা করেননি বিশ্বজিৎ দাস। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো বক্তা। ওঁর বক্তব্য আমি মন দিয়ে শুনি, ভালো লাগে। তাই আজ দেখা করতে এসেছিলাম।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.