জেলা

‘ফুলের মতো শিশুদের মৃত্যু ক্ষমার অযোগ্য’, গেটম্যানের মেডিকেল টেস্টের নির্দেশ মুখ্যমন্ত্রীর

“ফুলের মতো নিষ্পাপ শিশুদের জীবন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। এটাকে সাধারণ দুর্ঘটনা বলা যায় না, এটি একেবারেই অমার্জনীয় অপরাধ।” শুক্রবার সকালে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী বলে অভিযুক্ত রেলের গেটম্যানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশও দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত গেটম্যানকে ইতিমধ্যেই রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন, ডিউটির সময় ওই কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা নিশ্চিত করতে দ্রুত মেডিকেল পরীক্ষা করা হোক।

দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “প্রাথমিক তদন্তে যা উঠে এসেছে, তাতে গেটম্যানের চরম গাফিলতির কারণেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। সকালে এমন দুঃসংবাদ শুনতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। শুধু নিহতদের পরিবার নয়, গোটা রাজ্যের মানুষের কাছেই এটি গভীর শোকের বিষয়।”

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। মৃতদের মধ্যে একাধিক স্কুলপড়ুয়া এবং একজন সাইকেল আরোহী রয়েছেন। বর্তমানে আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, “সকাল প্রায় ন’টার মধ্যেই আমি জেলার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলাম, অভিযুক্ত গেটম্যানকে দ্রুত গ্রেফতার করতে। প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরই এই নির্দেশ দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পুলিশ তাকে গ্রেফতার করেছে। পাশাপাশি আমি পুলিশকে বলেছি, সে মদ্যপ অবস্থায় ডিউটি করছিল কি না, তা জানতে মেডিকেল পরীক্ষা করানো হোক।”

তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই ঘটনাকে শুধুমাত্র দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাঁর কথায়, “এটি সম্পূর্ণ মানবিক ভুলের ফল। যে অবহেলা করা হয়েছে, তা কোনওভাবেই ক্ষমার যোগ্য নয়। রেল কর্তৃপক্ষও নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

শেষে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “ফুলের মতো ছোট ছোট শিশুদের এভাবে হারানো অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে দোষারোপ নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোই আমাদের সবার প্রথম দায়িত্ব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.