চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা নিশ্চিত হলেও, ভারত ও নিউজিল্যান্ডের জন্য আজ রবিবারের ম্যাচ গুরুত্বপূর্ণ। দু’দলই এখন পর্যন্ত অপরাজিত, ফলে টুর্নামেন্টের শীর্ষ দুই দল মুখোমুখি হতে চলেছে। বিশেষ করে দুবাইয়ের মন্থর উইকেট এবং স্পিন-বান্ধব কন্ডিশনে দুই দলের স্পিনাররা কতটা কার্যকরী ভূমিকা নিতে পারেন, তা এই ম্যাচের বড় আকর্ষণ। পাশাপাশি সেমিফাইনালের আগে গুরু গম্বীর দেখে নিতে চাইবেন বোলারদের ফিটনেসের বিষয়টিকে। কার্যত নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং লাইন আপে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শামির বদলে আর্শদীপ সিং কে খেলানো যেতে পারে। কুলদীপের বদলেও বরুণ চক্রবর্তীকে প্রথম একাদশের সংযোজনের কথা ভাবা হচ্ছে।
তবে সব আলো কেড়ে নিচ্ছেন বিরাট কোহলি, যিনি খেলতে চলেছেন তাঁর ৩০০তম ওডিআই। ভারতের সপ্তম এবং বিশ্ব ক্রিকেটের ২২তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছোঁবেন তিনি। বর্তমান সময়ে ওডিআই ম্যাচের সংখ্যা কমে আসায়, কোহলির মতো আর কেউ ৩০০ ম্যাচ খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়ে গেছে।
ভারতের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী হলেও, এই ম্যাচে ব্যাটিং অর্ডার বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ও অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল ভারতের মিডল অর্ডারের বড় বাধা হতে পারেন। এই পরিস্থিতিতে শ্রেয়াস আইয়ারের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে, যিনি স্পিনারদের বিপক্ষে দ্রুত রান তুলতে পারেন।
নিউজিল্যান্ড দলে ড্যারিল মিচেল ফিরলেও, তাঁকে কোথায় খেলানো হবে, তা নিয়ে চিন্তায় দল। রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং ভালো ফর্মে থাকায়, মিচেলকে মিডল অর্ডারে পাঠানো হতে পারে। তাছাড়া, ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্স করা কাইল জেমিসনের উপস্থিতি ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।







