হায়দরাবাদে একটি বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিশৃঙ্খলার মুখে পড়লেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। উন্মত্ত অনুরাগীদের ভিড়ে কার্যত আটকে পড়েন তিনি। সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র আলোচনা। অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।
রোববার হায়দরাবাদের একটি শাড়ির শোরুম উদ্বোধনে যোগ দেওয়ার কথা ছিল সামান্থার। নির্ধারিত সময়েই অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। কালো রঙের সঙ্গে রুপোলি জরির শাড়িতে অভিনেত্রীকে দেখা যায়। উদ্বোধনী পর্ব শেষ হওয়ার পর মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময়ই পরিস্থিতি দ্রুত বদলে যায়। হঠাৎ করেই বিপুল সংখ্যক মানুষ তাঁকে ঘিরে ধরেন। মুহূর্তের মধ্যে তৈরি হয় ঠাসাঠাসি ভিড়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা চেষ্টা করলেও ভিড় এতটাই বেড়ে যায় যে তাঁরা কার্যত অসহায় হয়ে পড়েন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীদের সহায়তা ছাড়া এক পা এগোনোও কঠিন হয়ে পড়েছিল অভিনেত্রীর জন্য। দমবন্ধ করা পরিস্থিতির মধ্যেও সামান্থা শান্ত ছিলেন। ভিড়ের চাপে অস্বস্তি স্পষ্ট হলেও তাঁর মুখে ধৈর্যের হাসি দেখা যায়। বেশ কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষীদের ঘিরে ধরে অবশেষে তিনি নিজের গাড়িতে পৌঁছাতে সক্ষম হন।
উল্লেখযোগ্য যে, এর কয়েক দিন আগেই একটি ছবির গানের উদ্বোধনী অনুষ্ঠানে একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী নিধি আগরওয়াল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামান্থার সঙ্গে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষোভ বেড়েছে অনুরাগীদের মধ্যেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, সাম্প্রতিক অভিজ্ঞতা থেকেও কেন আয়োজকেরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করলেন না।
তবে নেটিজেনদের একাংশের মতে, শুধুমাত্র আয়োজকদের দোষ দিলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়। তাঁদের বক্তব্য, তারকাদের প্রতি ভালোবাসা থাকলেও অনুরাগীদের নিজেদের আচরণে সংযম দেখানো জরুরি। এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত সামান্থা রুথ প্রভুর কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







