মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অবস্থান বদল করতে বাধ্য হল মার্কিন বিচার বিভাগ। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত তদন্ত নথি থেকে ডোনাল্ড ট্রাম্পের ছবি সরিয়ে দেওয়াকে ঘিরে শুরু হওয়া তুমুল বিতর্কের চাপে শেষমেশ ফের সেই ছবি আপলোড করা হল সরকারি ফাইলে।
এর আগে আচমকাই এপস্টেইন মামলার প্রকাশিত নথি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক ছবি মুছে ফেলা হয়। এই বিষয়টি সামনে আসতেই ডেমোক্র্যাট শিবির তীব্র আক্রমণ শানায়। তাঁদের অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে তদন্তের গতিপথ বদলানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট নিজেই।
শনিবার মার্কিন ন্যায় বিভাগ এপস্টেইন সংক্রান্ত হাজার হাজার পাতার নথি প্রকাশ করে। সেই নথিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম ও ছবি উঠে আসে। সবচেয়ে বেশি আলোচনায় আসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উপস্থিতি। প্রকাশিত ছবিগুলির মধ্যে একটিতে তরুণ ক্লিন্টনকে হট টাবে দেখা যায়। অন্য একটি ছবিতে তাঁকে এক মহিলার সঙ্গে সাঁতার কাটতে দেখা যায়। যাঁকে এপস্টেইনের ঘনিষ্ঠ ও প্রেমিকা গিসলেন ম্যাক্সওয়েল বলেই মনে করা হচ্ছে।এছাড়াও একটি ছবিতে বিল ক্লিন্টনের পাশে দেখা যায় পপ দুনিয়ার কিংবদন্তি মাইকেল জ্যাকসন ও গায়িকা ডায়ানা রসকে। যার ফলে এপস্টেইন কান্ডে প্রভাবশালীদের যোগাযোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে।
প্রকাশিত নথিতে ডোনাল্ড ট্রাম্পের একাধিক ছবিও ছিল। একটি ছবিতে তাঁকে একাধিক নারীর সঙ্গে দেখা যায়। অন্য একটি ছবিতে এপস্টেইন ও ম্যাক্সওয়েলের সঙ্গে স্ত্রী সহ ট্রাম্পের উপস্থিতিও ধরা পরে। তবে সেই ছবিগুলি কিছুক্ষণের মধ্যেই সরকারি নথি থেকে সরিয়ে ফেলা হয়। এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয় প্রবল বিতর্ক। ডেমোক্র্যাটদের অভিযোগ ছিল, প্রেসিডেন্ট পদে বসে তদন্ত প্রভাবিত করার স্পষ্ট চেষ্টা চলছে। বিরোধীদের সমালোচনার মুখে পরে শেষপর্যন্ত ইউ-টার্ন করল মার্কিন বিচার বিভাগ। ফের এপস্টেইন তদন্ত সংক্রান্ত ফাইলে ট্রাম্পের ছবি আপলোড করা হয়।
বিচার বিভাগের তরফে সাফাই দিয়ে জানানো হয়েছে, ট্রাম্পের ছবি প্রকাশ্যে থাকলে যৌন নির্যাতনের শিকারদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। সেই কারণেই সাময়িকভাবে ছবিগুলি সরানো হয়েছিল। তবে বর্তমানে সমস্ত নির্যাতিতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়েছে বলেই দাবি করেছে বিভাগ। সেই সুরক্ষা নিশ্চিত করেই ফের ট্রাম্পের ছবি যুক্ত করা হয়েছে নথিতে। ফের এই ঘটনায় প্রশ্ন উঠছে এপস্টেইন কান্ডের তদন্ত কতটা স্বচ্ছ ভাবে হচ্ছে? পাশাপাশি রাজনৈতিক চাপের কাছে কি প্রশাসনিক সিদ্ধান্ত নতিস্বীকার করছে? ট্রাম্পের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক অস্বীকার করলেও, এই ছবি ও নথি ঘিরে বিতর্ক আরও জোরালো হবে, তা বলাই বাহুল্য।







