ক্রাইমরাজ্য

প্রেমের বিরোধে নৃশংস পিতৃহত্যা! বাবাকে বেহুঁশ করে প্রেমিকের হাতে খুন করাল কিশোরী

প্রেমের সম্পর্ক মানতে নারাজ ছিলেন বাবা। শাসন করেছিলেন মেয়েকে, করেছিলেন আইনের আশ্রয়ও। সেই রাগ আর প্রতিশোধের আগুনেই শেষ পর্যন্ত বাবার মৃত্যুর পরিকল্পনা করল ১৭ বছরের কিশোরী। প্রেমিক ও তার বন্ধুর সহায়তায় বাবাকে মাদক খাইয়ে বেহুঁশ করে, নিজের চোখের সামনেই ছুরি দিয়ে খুন করানো হল তাঁকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে ভদোদরার একটি বাড়ি থেকে শানা চাবড়া নামে এক প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তেই পুলিশের সন্দেহ হয় এটি স্বাভাবিক মৃত্যু নয়। দেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্টে আরও স্পষ্ট হয় রহস্য—খুনের আগে শানাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল।

তদন্ত এগোতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশ জানতে পারে, এই খুনের নেপথ্যে রয়েছেন শানার নিজের কিশোরী মেয়ে, তার প্রেমিক রঞ্জিত গজেন্দ্রভাই বাঘেলা (২৪) এবং আরও এক যুবক।

ইতিমধ্যেই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকা হওয়ায় অভিযুক্ত মেয়েটিকে পাঠানো হয়েছে সরকারি হোমে।
পুলিশ জানায়, শানার মেয়ে দীর্ঘদিন ধরেই রঞ্জিতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। বিষয়টি জানতে পেরে শানা আপত্তি জানান এবং মেয়েকে শাসন করেন। কিন্তু তাতেও থামেনি সম্পর্ক। গত জুলাই মাসে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় কিশোরী। তখন থানায় অভিযোগ দায়ের করেন বাবা এবং প্রেমিকের বিরুদ্ধে পকসো আইনে মামলা করেন। সেই মামলায় গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পায় রঞ্জিত।

জেল থেকে বেরিয়েই প্রতিশোধের ছক কষে যুবক। প্রেমিকার সঙ্গেও সেই পরিকল্পনায় সহমত হয়। শেষ পর্যন্ত বাবাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। পরিকল্পনা মতো শানাকে মাদক খাইয়ে বেহুঁশ করা হয়। তারপর প্রেমিকের হাতে ছুরি তুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই বাবার খুন হতে দেখে মেয়ে। ঘটনায় এলাকায় তীব্র শোরগোল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.