রাজ্যের সিইও দফতরে বিএলও দের বিক্ষোভ। একাধিক অভিযোগ তুলে এদিন নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় বিএলও বা বুথ লেভেল অফিসাররা। আন্দোলনের সময় সিইও দফতরের মূল ভবনে পৌঁছানোর চেষ্টায়, ব্যারিকেড টপকে ঢোকার সময় আটক হন এক মহিলা আন্দোলনকারী। সোমবার দুপুরে বিএলও দের একটা বড় অংশ নির্বাসন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে । তাদের সহযোগিতা করতে আন্দোলনে সামিল হয় বিএলও অধিকার রক্ষা কমিটি।
তারা সিইও র ভিতরে ঢোকার চেষ্টা করলে ,পুলিশ তাদের বাঁধা দেয়। এরপর শুরু হয় ধস্তাধস্তি, ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধস্তাধস্তি বিক্ষোভের আকার নেয়।
তাদের দাবি, “দিনের পর দিন যেভাবে বিএলওদের ওপর অনৈতিকভাবে কাজের চাপ দেওয়া হচ্ছে, সেজন্য গত শনিবার সিইও দফতরের কাছে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে ইমেল করে জানানো হয়েছে, যে বিএলও-রা অ্যাপের আর কোনও কাজ করবে না।”
তারা আরও বলেন, “আমরা ১১ তারিখের মধ্যে কাজ শেষ করে দিয়েছি। আমরা শিক্ষক-শিক্ষিকা। এবার আমাদের স্কুলে যেতে দেওয়া হোক। কিন্তু কোনওভাবেই তা করা হচ্ছে না।” ব্যারিকেডের উপর দাঁড়িয়ে আন্দোলনকারীরা স্লোগান তুলতে থাকেন । পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়, ব্যারিকেড থেকে নেমে যাওয়ার জন্য। তবে কেউ তা কানে তোলেননি। এক মহিলা আন্দোলনকারী ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। এবং তাকে আটক করা হয়।







