বিনোদন

মুম্বইয়ের স্টুডিয়োয় তৈরি হচ্ছে ‘দাদা’র বাড়ি, শুরু জীবনীছবির প্রস্তুতি

কলকাতায় টানা চার দিন ধরে রেকিতে ব্যস্ত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ও তাঁর দল। লক্ষ্য একটাই—ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র। ছবির প্রস্তুতির অংশ হিসেবে খুঁটিয়ে দেখা হচ্ছে ‘দাদা’র শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত বাড়ি।

বুধবার সকালে বেহালা চৌরাস্তায় গঙ্গোপাধ্যায় পরিবারের বাসভবন ‘মা চণ্ডী ভবন’-এ হাজির হন পরিচালক। বেজ রঙের ট্রাউজ়ার ও কালো টি-শার্টে, সহযোগীদের নিয়ে বাড়ির আনাচকানাচ ঘুরে দেখেন তিনি। কোথাও ছবি তোলা, কোথাও ভিডিও—সবই ভবিষ্যৎ সেট নির্মাণের খুঁটিনাটি পরিকল্পনার অংশ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্তসহকারী তানিয়া জানান, মুম্বইয়ের একটি স্টুডিয়োয় হুবহু ‘দাদা’র বাড়ির সেট তৈরি হবে। সেই কারণেই বাড়ির বিভিন্ন অংশ ক্যামেরাবন্দি করছেন পরিচালক। সব কিছু ঠিকঠাক থাকলে মার্চ মাস থেকেই শুরু হতে পারে শুটিং। কলকাতা, মুম্বই এবং লন্ডন—এই তিন শহরেই ছবির গুরুত্বপূর্ণ অংশের শুট হওয়ার কথা।

গঙ্গোপাধ্যায় বাড়িতে খ্যাতনামীদের যাতায়াত নতুন নয়। এ দিনও বাড়ির সামনে ভিড় করেন কৌতূহলী মানুষ। যদিও পরিবারের সদস্যদের মধ্যে সৌরভের আপ্তসহকারী ছাড়া আর কেউ প্রকাশ্যে আসেননি। সৌরভের বাড়ির পাশেই তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়ি, যেখানে রয়েছে তাঁর নাচের প্রতিষ্ঠান ‘দীক্ষা মঞ্জরী’। সেখানেও রেকি সারেন বিক্রমাদিত্য ও তাঁর দল।

বাড়ির আশপাশের গাছপালার দিকেও বিশেষ নজর দেন পরিচালক। প্রতিটি গাছের নাম জেনে নোট নেন তিনি। রেকি শেষে গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ আলোচনাও হয়।

ছবির কাস্টিং নিয়েও চলছে জল্পনা। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে মিমি চক্রবর্তীর নাম শোনা গেলেও, শেষ মুহূর্তে বদল আসতে পারে বলে খবর। জানা যাচ্ছে, বাংলার অন্য কোনও অভিনেত্রীকে নেওয়ার কথাও ভাবছেন নির্মাতারা। ছবিতে সৌরভ ও ডোনার কন্যা সানাকেও দেখানো হবে। ২০১১ সাল পর্যন্ত সময়কাল ধরা হবে এই জীবনীচিত্রে। সেই সময় সানা খুব ছোট হওয়ায়, তাঁর চরিত্রে মুম্বইয়ের কোনও শিশুশিল্পী অভিনয় করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.