ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে গিয়ে প্রথম দিনেই বিতর্কের কেন্দ্রে চলে এলেন দীনেশ ত্রিবেদী। শুক্রবার বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ভূপেন হাজারিকার জনপ্রিয় গান ‘একই আকাশ, একই বাতাস’-এর উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, ভারতের ১৪০ কোটি ও বাংলাদেশের ২০ কোটি মানুষ একসঙ্গে কাজ করলে বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলার ক্ষেত্রে এক বিরাট শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
এই মন্তব্যের পরই বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে কয়েকটি ইসলামপন্থী সংগঠন অভিযোগ তুলেছে, দীনেশ ত্রিবেদীর বক্তব্যের মধ্যে ‘অখণ্ড ভারত’-এর ইঙ্গিত রয়েছে। তাদের দাবি, বাংলাদেশের স্বাধীন সত্তাকে খর্ব করার কোনও প্রচেষ্টা মেনে নেওয়া হবে না।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক জনসভায় বলেন, “বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক কথা বলার আড়ালে দেশটিকে ভারতের অংশ করার চিন্তা লুকিয়ে রয়েছে।” বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করে ভারতবিরোধী সুরও চড়ানো হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরাসরি দীনেশ ত্রিবেদীর নাম না করলেও তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ঐক্যের কথা বলতে হলে শুধু ভারত ও বাংলাদেশের নয়, সার্কভুক্ত সব দেশের কথাই ভাবতে হবে। পাশাপাশি তিনি বলেন, “বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই।”
কূটনৈতিক মহলের একাংশের মতে, দীনেশ ত্রিবেদীর বক্তব্য মূলত দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক জোরদারের বার্তা ছিল। তবে তিনি বিজেপির প্রবীণ নেতা হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ব্যাখ্যা ও বিতর্ক আরও তীব্র হয়েছে। ফলে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই এই মন্তব্যকে ঘিরে দুই দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।






