মঙ্গলবার সকালে কেরলের ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় এখনও চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর, আহত অনেকে। বিগত কয়েক বছরে ভারতে এতবড় ভূমিধসের ঘটনা ঘটেনি বলেই দাবি করছে বিশেষজ্ঞ মহল। এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে এবার শোকপ্রকাশ করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।
বুধবার সকালে প্রেসিডেন্ট অফিস থেকে এই সংক্রান্ত বার্তা দেওয়া হয়। যেখানে মুইজ্জু লেখেন, ‘ওয়েনাড়ে যে দুর্ঘটনাটি ঘটেছে তারজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমবেদনা রইল। মালদ্বীপ সরকারের পক্ষ থেকে স্বজনহারা পরিবারের প্রতি শোকপ্রকাশ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। মালদ্বীপ সরকারের বিশ্বাস এই কঠিন সময় থেকে রাজ্যবাসী খুব দ্রুত বেরিয়ে আসবে এবং আবারও স্বাভাবিক জীবনে ফিরবে।’
মালদ্বীপে ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে দুরত্ব সৃষ্টি করছিল মুইজ্জু। চিনপন্থী এই সরকার ভারত বিরোধী ভোটপ্রচার করেই ক্ষমতায় এসেছিল। তবে ভারতের থেকে ঋণ নেওয়া ২০০ মিলিয়ন ডলার ফেরাতে গিয়েই চিন্তায় পড়েন মুইজ্জু। সেই কারণে সুর নরম হয় তাঁর।
ইদানিং ভারতের সঙ্গে পর্যটন ও বানিজ্যিক চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। এমনকী সম্প্রতি ভারত সফরেও এসেছিল বিদেশমন্ত্রী মুসা জামির। এদিনের কেরলের ঘটনা মালদ্বীপের বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।







