বিনোদন

ডিপফেক রুখতে আদালতের দ্বারস্থ আর মাধবন, ব্যক্তি অধিকার রক্ষায় বলিউডে আইনি লড়াই জোরদার

ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ভুয়ো কনটেন্টের বাড়বাড়ন্তে ব্যক্তি অধিকার রক্ষা এখন বলিউড তারকাদের কাছে বড় চ্যালেঞ্জ। ঐশ্বর্য রাই, সলমন খান, হৃতিক রোশন, অভিষেক বচ্চনের পর এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা আর মাধবন। নিজের ছবি ও নামের অপব্যবহার রুখতেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা।

সোমবার মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অভিনেতার ছবি ও ভিডিও ব্যবহার করা সমস্ত ওয়েবসাইট ও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে অবিলম্বে সেই কনটেন্ট সরিয়ে ফেলতে হবে। আদালতের পর্যবেক্ষণ, অনুমতি ছাড়া কোনও ব্যক্তির ছবি বা ভিডিও ব্যবহার ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী এবং তা আইনত দণ্ডনীয়।

জানা গিয়েছে, সম্প্রতি ডিপফেক প্রযুক্তির মাধ্যমে মাধবনের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়ো বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল। এমনকি অভিনেতার ছবি বসিয়ে ‘কেশরী ৩’ ও ‘শয়তান ২’-এর নামে ভুয়ো ট্রেলারও ছড়ানো হয় সোশাল মিডিয়ায়। এর ফলে দর্শকের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি অভিনেতার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে দাবি তাঁর আইনজীবীর।

মাধবনের আইনজীবী আদালতে জানান, এটি প্রথম ঘটনা নয়। আগেও একই ধরনের অপব্যবহারের শিকার হয়েছেন অভিনেতা। আদালত জানিয়েছে, যদিও এই মুহূর্তে এআই-নির্মিত কনটেন্ট সরিয়ে ফেলা সম্ভব, তবে ভবিষ্যতে ফের এমন ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০২৬ সালের মে মাসে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিষেক বচ্চনও তাঁর ছবি ও নাম বিনা অনুমতিতে ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। অভিষেক ও ঐশ্বর্য রাই—দু’জনেই ডিপফেকের মাধ্যমে ভুয়ো ও আপত্তিকর কনটেন্ট তৈরির শিকার হয়েছেন বলে অভিযোগ। ক্রমশ প্রযুক্তির অপব্যবহারে তারকাদের ব্যক্তি অধিকার বিপন্ন হওয়ায়, আইনি লড়াইই এখন তাঁদের শেষ ভরসা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.