জেলা

রবিবারও খোলা থাকছে চুঁচুড়া পুরসভা, নাগরিক পরিষেবায় অভিনব উদ্যোগ

এসআইআর বিতর্ক ও ২০২৬ বিধানসভা ভোটের আবহে বড় সিদ্ধান্ত নিল চুঁচুড়া পুরসভা। নাগরিক পরিষেবাকে আরও সহজলভ্য করতে এবার থেকে রবিবার ছুটির দিনেও খোলা থাকবে পুরসভার দরজা। চুঁচুড়া পুরসভার তিরিশটি ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার কথা ভেবেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুরসভা কর্তৃপক্ষ।

পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ গত ৩১ ডিসেম্বর সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তাঁর কথায়, সপ্তাহের ছ’দিন সরকারি ও বেসরকারি কাজে যুক্ত বহু মানুষ পুরসভার কাজের জন্য আলাদা করে ছুটি নিতে বাধ্য হচ্ছেন। সেই সমস্যার কথা মাথায় রেখেই প্রতি রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরসভা খোলা রাখার সিদ্ধান্ত।

রবিবার পরিষেবা চালুর প্রথম দিকেই পুরসভায় উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন,
“অনেক মানুষ আছেন যাঁরা সপ্তাহে মাত্র একদিন রবিবার ছুটি পান। সেই দিনেই যদি তাঁরা পুর পরিষেবার কাজ সারতে পারেন, তাহলে তাঁদের আর আলাদা করে ছুটি নিতে হবে না। কোনও নাগরিক যেন সমস্যার কথা জানিয়ে ফিরে না যান, সেটাই আমাদের লক্ষ্য।”

পুরসভা সূত্রে জানা গিয়েছে, রবিবারও চেয়ারম্যান-সহ বিভিন্ন কাউন্সিলররা উপস্থিত থাকবেন। কোনও কোনও রবিবারে বিধায়ক নিজেও পুরসভায় এসে নাগরিকদের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন।

তবে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল কটাক্ষ করে বলেন,
“এখন মরার সময় হরিনাম করছে পুরসভা। এতদিন কী করছিলেন? তৃণমূল বুঝে গিয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে তাদের বিসর্জন আসন্ন। তাই এখন বাঁচাও সাধু বাবা বলে রবিবার পুরসভা খোলা রাখার নাটক।”

এসআইআর বিতর্ক, ভোটের প্রস্তুতি ও নাগরিক পরিষেবা—সব মিলিয়ে চুঁচুড়া পুরসভার এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর জেলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.