বড়দিনে ভারতীয় অনুরাগীদের জন্য একরকম চমকই এনে দিলেন হলিউড তারকা লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের পরিবারের অজানা দিক তুলে ধরেছেন ‘টাইটানিক’-খ্যাত অভিনেতা। সেখানেই তিনি জানান, তাঁর সৎমা পেগি ডিক্যাপ্রিয়ো শিখ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত এবং পরিবারের সূত্রে ভারতের সঙ্গে তাঁর গভীর যোগাযোগ রয়েছে।
লিয়োনার্দোর কথায়, “আমার মা পেগি প্রায়ই পাগড়ি পরেন। অনেক সময় তাঁকে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকেও দেখা যায়।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত ভারতীয় অনুরাগীরা। কারণ, দীর্ঘদিন ধরেই এ দেশে লিয়োনার্দোর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর পরিবারের সঙ্গে ভারতের সাংস্কৃতিক যোগসূত্রের খবর সেই আবেগ আরও বাড়িয়ে দিয়েছে।
অভিনেতা আরও জানান, তাঁর বাবা জর্জ ডিক্যাপ্রিয়ো ছিলেন হিপ্পি সংস্কৃতির অনুরাগী। সত্তরের দশকে লস অ্যাঞ্জেলেসের আন্ডারগ্রাউন্ড শিল্প আন্দোলনের সঙ্গে যুক্ত বহু মানুষের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল। লিয়োনার্দোর মা ইরমেলিন ইন্ডেনবির্কেনের সঙ্গে জর্জের বিবাহবিচ্ছেদের পর ১৯৯৫ সালে পেগির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তখন লিয়োনার্দোর বয়স ছিল মাত্র এক বছর।
এই প্রসঙ্গেই উঠে এসেছে এক মজার স্মৃতিচারণ। লিয়োনার্দো জানান, ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ ছবির শুটিংয়ের সময় একদিন বাবা ও সৎমাকে সেটে নিয়ে গিয়েছিলেন তিনি। তাঁদের সাদামাঠা পোশাক দেখে সহ-অভিনেতা ব্র্যাড পিট প্রথমে বিশ্বাসই করতে চাননি যে ওঁরাই লিয়োনার্দোর মা-বাবা। অভিনেতা হাসতে হাসতে বলেন, “আমি দেখিয়েও দিয়েছিলাম, তবু ব্র্যাড বলেছিল—‘আচ্ছা! বেশ বেশ!’”
পরবর্তীতে লিয়োনার্দোর উপলব্ধি, বাবা-মায়ের সহজ জীবনযাপনই ব্র্যাডের অবিশ্বাসের কারণ। তবে এই ঘটনাই এখন অনুরাগীদের কাছে আরও এক নতুন রঙে ধরা দিল লিয়োনার্দো ডিক্যাপ্রিয়োর







