রাজ্য

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের নিরাপত্তায় হোয়াটসঅ্যাপ পরিষেবা, থানায় না গিয়েই জানানো যাবে অভিযোগ

বড়দিন ও বর্ষবরণকে ঘিরে দিঘা-মন্দারমণিতে উপচে পড়া ভিড়। বছরের এই সময়ে লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয় পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে। সেই ভিড়ের মধ্যেই যাতে পর্যটকদের কোনওরকম হয়রানির শিকার হতে না হয়, সে জন্য এক অভিনব উদ্যোগ নিল কাঁথি পুলিশ। এবার থেকে দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুর-সহ কাঁথি মহকুমার সমস্ত উপকূলীয় পর্যটন কেন্দ্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই জানানো যাবে অভিযোগ।

শুক্রবার দিঘার জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে এই নতুন পরিষেবার কথা ঘোষণা করেন কাঁথির দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে। উপস্থিত ছিলেন কাঁথির এসডিপিও দিবাকর দাস এবং ডিএসপি আবুনুর হোসেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পর্যটকরা ৭০৪৭৯৮৯৮০০ নম্বরে হোয়াটসঅ্যাপ করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

এই পরিষেবার মাধ্যমে শ্লীলতাহানি, কটূক্তি, হোটেলের অতিরিক্ত ভাড়া আদায়, প্রতারণা কিংবা অন্য যে কোনও সমস্যার কথা জানানো যাবে। অভিযোগ জানাতে আর থানায় ছুটে যেতে হবে না। হোয়াটসঅ্যাপেই পাঠানো যাবে লাইভ লোকেশন, ছবি, ভিডিও কিংবা অডিও ক্লিপ। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট থানাকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পুলিশের।

পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, “পরিবার নিয়ে বেড়াতে এসে অনেক সময় পর্যটকরা সমস্যায় পড়লেও কোথায় অভিযোগ জানাবেন, তা বুঝতে পারেন না। সেই সমস্যা দূর করতেই এই পরিষেবা চালু করা হল। পর্যটকদের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে হোয়াটসঅ্যাপ নম্বর লেখা ব্যানার লাগানো হচ্ছে এবং পর্যটকদের মধ্যে লিফলেটও বিলি করা হবে।

তবে একই সঙ্গে ভুয়ো অভিযোগের বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পর্যটকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.