শনিবার থেকে শুরু চলেছে এসআইআরের শুনানি পর্ব। ১৫ই জানুয়ারি পর্যন্ত চলবে এসআইআরের শুনানি পর্ব। মোট ৩৮ লক্ষ ভোটারদের শুনানিতে ডাক পরেছে। যার মধ্যে বড় সংখ্যায় রয়েছে ঊর্ধ্ববয়স্কদের নাম। যার জেরে ইতিমধ্যেই উদ্বেগ বেড়েছে তাদের পরিবারের মধ্যে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা এলাকার বাসিন্দা শিবনাথ পালের নাম। তিনি বায়ুসেনা হিসেবে কাজ করেছেন ১৬ বছর , এরপর ২২ বছর কাজ করছেন গ্রামীণ ব্যাঙ্কে। এখন যদিও কারোর সাহায্য ছাড়া হাঁটা চলা করতে পারেন না শিবনাথবাবু।
আগামী ৭ই জানুয়ারি বাঁকুড়ার ২ নম্বর ব্লকের বিডিও অফিসে ডাক পরেছে শিবনাথ পালের। অন্যদিকে বিডিও অফিসের বেহাল দশা। শৌচালয় থেকে শুরু করে জলের কল সব জায়গাতেই একই অবস্থা। তিনি কিভাবে শুনানি পর্বে উপস্থিত হবেন, সেই নিয়েই চিন্তায় পরেছেন শিবনাথ পাল। এর আগের নির্বাচনে ৮০ বছর বয়সী ভোটারদের বাড়িতে গিয়ে ভোটদানের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। এবার শুনানি পর্বে এমন কোনো সুযোগ সুবিধা থাকবে কিনা, সেটাই এখন দেখার। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত নির্দেশিকা জারি করেনি কমিশন।
তবে সূত্রের খবর, যাদের বয়স ৮৫ পেরিয়েছে তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা হতে পারে। শুনানির ক্ষেত্রে ৮৫ বছর ঊর্ধ্বে বয়স্কদের জন্য বাড়ি বাড়ি গিয়ে শুনানি করার কথা ভাবা হচ্ছে বলে খবর। শয্যাশায়ী বয়স্কদের জন্য ভার্চুয়াল শুনানির ব্যবস্থা হতে পারে। সূত্রের খবর, প্রতিটি বিধানসভার ৮টি জায়গায় হবে শুনানি। এছাড়াও একাধিক স্কুল ও অফিসেও বৈঠকের আয়োজন করা হয়েছে।







