২০ লক্ষ টাকার কম গৃহঋণ আদায়ের ক্ষেত্রে কোনওভাবেই জমি বা বাড়ি বাজেয়াপ্ত করা যাবে না—এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের এই রায়ে গৃহঋণগ্রহীতাদের স্বস্তি বাড়ল বলেই মনে করছেন আইনজ্ঞরা। আদালতের স্পষ্ট বক্তব্য, এত কম টাকার ঋণ আদায়ে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার অধিকার নেই কোনও হাউসিং ফিনান্স কোম্পানির (এইচএফসি)। টাকা আদায় করতে হলে ঋণদানকারী সংস্থাকে আদালতের দ্বারস্থ হতে হবে।
মামলার সূত্রপাত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। গোলাম সাবির নামে এক ব্যক্তি একটি হাউসিং ফিনান্স কোম্পানি থেকে ১৩ লক্ষ টাকার গৃহঋণ নেন। প্রথম কয়েক মাস নিয়ম মেনে কিস্তি শোধ করলেও পরে আর্থিক সমস্যার কারণে কিস্তি দেওয়া বন্ধ হয়ে যায়। অভিযোগ, এরপরই ঋণদানকারী সংস্থা সরফেসি আইন প্রয়োগ করে বাড়ি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে।
ভিটেহারা হওয়ার আশঙ্কায় সাবির কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। তাঁর আইনজীবীরা যুক্তি দেন, রিজ়ার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ২০২০ ও ২০২১ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান ২০ লক্ষ টাকার কম গৃহঋণের ক্ষেত্রে কোনও কঠোর ব্যবস্থা নিতে পারে না। তবে ঋণদানকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, এইচএফসি ওই নির্দেশিকার আওতায় পড়ে না এবং এ ধরনের মামলা ট্রাইবুনালেই করা উচিত।
আদালত সেই যুক্তি খারিজ করে দেয়। বিচারপতির পর্যবেক্ষণ, এইচএফসি-ও আরবিআইয়ের সংশ্লিষ্ট নির্দেশিকার অন্তর্ভুক্ত। ফলে ১৩ লক্ষ টাকার ঋণ আদায়ে সরফেসি আইন প্রয়োগ সম্পূর্ণ বেআইনি। আদালতের নির্দেশ, ঋণের টাকা আদায় করতে হলে হাই কোর্ট বা উপযুক্ত আদালতেই মামলা করতে হবে। এই রায় গৃহঋণগ্রহীতাদের অধিকার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ নজির বলে মনে করছেন বিশেষজ্ঞরা।







