বছর শেষ হওয়ার আগেই ফের প্রকৃতির ভয়ংকর রূপ। শনিবার সকালে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। ভূমিকম্পটির উৎসস্থল ছিল তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলবর্তী শহর ইলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে, সমুদ্রের গভীরে। কম্পনের গভীরতা ছিল প্রায় ৭৩ কিলোমিটার। ভূমিকম্পটির ইনটেনসিটি ছিল ৪, ফলে কম্পন অনুভূত হয় গোটা দ্বীপজুড়ে, দুলে ওঠে রাজধানী তাইপেই-সহ একাধিক বড় শহর।
তাইওয়ানের আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রগর্ভে এবং গভীরে হওয়ায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে। তবে কম্পনের তীব্রতায় আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে উঁচু আবাসন, অফিস এবং শপিং মল।
প্রশাসনের প্রাথমিক পরিদর্শনে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে কিছু এলাকায় গ্যাস ও জল সরবরাহ লাইনে লিকেজের ঘটনা ধরা পড়েছে। ইলান অঞ্চলে তিন হাজারেরও বেশি বাড়িতে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু করে প্রশাসন।
তাইপেই সিটি কর্পোরেশন জানিয়েছে, জরুরি ভিত্তিতে সব গুরুত্বপূর্ণ অবকাঠামো, মেট্রো পরিষেবা ও হাসপাতালগুলির নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে। আপাতত বড় ধরনের ক্ষতির কোনও আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫.৫ থেকে ৬.০ মাত্রার আফটারশক হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এই পরিস্থিতিতে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক বিবৃতিতে বলেন, “সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। সব জরুরি পরিষেবা প্রস্তুত রয়েছে। নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।”
উল্লেখ্য, দুটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। অতীতেও সেখানে একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই গুজরাতের কচ্ছ জেলায় ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনের উৎসস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। ২০০১ সালের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনও কচ্ছবাসীর মনে তাজা। ভূমিকম্পের দিক থেকে কচ্ছ ‘এক্সট্রিমলি হাই রিস্ক সিসমিক জোন’-এর মধ্যে পড়ায় মাঝেমধ্যেই সেখানে মাঝারি মাত্রার কম্পন রেকর্ড হয়।
বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে একের পর এক ভূমিকম্প ফের মনে করিয়ে দিল, প্রকৃতির সামনে মানবসভ্যতা এখনও কতটা অসহায়।







