বিশ্বজুড়ে পরিবহণের নির্ভরযোগ্য মাধ্যমগুলির মধ্যে অন্যতম হলো রেল পরিষেবা। প্রতিটি দেশে রয়েছে কিছু চিহ্নিত রেল স্টেশন, কখনও স্থাপত্যে, কখনও ইতিহাসে আর কখনও যাত্রী সংখ্যায় নজরকাড়া। তবে এমন কিছু স্টেশন আছে, যেগুলি তাদের দৈনন্দিন যাত্রী প্রবাহ দিয়ে অন্যদের তুলনায় একেবারে আলাদা পরিচিতি তৈরি করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য নাম হলো টোকিয়োর শিনজুকু স্টেশন।
জাপানের রাজধানীর সর্বাধিক ব্যস্ত এলাকাগুলির মাঝখানে অবস্থিত শিনজুকু স্টেশনকে ঘিরে প্রতিদিন যেন মানুষের ঢেউ ওঠানামা করে। প্রতিদিন প্রায় ৩.৮ মিলিয়ন মানুষ এই স্টেশন হয়ে কর্মস্থলে যাতায়াত করেন। এতটাই চাপ যে, প্রতি মুহূর্তে একটি না একটি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে বা ছাড়ছে। যাত্রীদের ভিড়ের কারণে কখনও কখনও হেঁটে চলাও কঠিন হয়ে পরে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে, ২০২২ সালে দৈনিক গড় যাত্রী পরিবহণের দিক থেকে বিশ্বের ব্যস্ততম রেল স্টেশনের শিরোপা পেয়েছে শিনজুকু। ওই বছর প্রতিদিন প্রায় ২.৭ মিলিয়ন মানুষ স্টেশনটি ব্যবহার করেছেন। শিনজুকুর অবস্থানও বিশেষ গুরুত্ব বহন করছে এটি টোকিয়োর শিনজুকু ও শিবুয়া ওয়ার্ডের সীমানায়, যা শহরের সবচেয়ে গতিময় অঞ্চলের অন্যতম অংশ।
৩৬টি প্ল্যাটফর্ম ও একাধিক রেল সহ মেট্রো নেটওয়ার্কের সংযোগের ফলে শিনজুকু স্টেশন জেআর ইস্ট, কেইও কর্পোরেশন, ওডাকিউ ইলেকট্রিক রেলওয়ে, তোয়েই সাবওয়ে ও টোকিও মেট্রোর মতো অপারেটরদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিবছর প্রায় ১.২৭ বিলিয়ন যাত্রীর গন্তব্য হওয়া এই স্টেশন ২০১৮ সালেই গিনেস রেকর্ডে জায়গা করে নেয়। বিশ্বব্যাপী রেল যোগাযোগ যতই আধুনিক হোক, যাত্রী ঘনত্বের নিরিখে শিনজুকুর সামনে এখনো কেউ নেই।







