ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু হওয়া নিয়ে জটিলতা কিছুতেই কাটছে না। ফেডারেশন চাইছে ফেব্রুয়ারি থেকেই বল মাঠে গড়াতে, কিন্তু বিনিয়োগকারী বা ‘কমার্শিয়াল পার্টনার’ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা লিগ শুরুর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আসলে গত কয়েক বছর এফএসডিএল (FSDL) লিগের বাণিজ্যিক দিকটি সামলালেও এবার পরিস্থিতি ভিন্ন। অথচ ক্লাবগুলোর প্রতিনিধিরা মনে করছেন, এফএসডিএল ছাড়া এই বিশাল আর্থিক যজ্ঞ সামলানোর ক্ষমতা অন্য কোনো সংস্থার নেই। রবিবারের বৈঠকে কেরল ফুটবল সংস্থার সভাপতি নাভাস মিরান তো সরাসরি ক্লাবগুলোকে এফএসডিএল-এর সঙ্গেই কথা বলার পরামর্শ দিয়ে বসেন, যা অনেককেই অবাক করেছে।
আর্থিক দায়ভার নিয়েও ফেডারেশন আর ক্লাবগুলোর মধ্যে বিস্তর ফারাক দেখা দিয়েছে। ফেডারেশনের প্রস্তাবিত ৭০ কোটি টাকার বাজেট দেখে ক্লাবগুলো সাফ জানিয়ে দিয়েছে, খরচ ৪০ কোটির মধ্যে না রাখলে তাদের পক্ষে খেলা অসম্ভব। এমনকি ওড়িশা এফসি-র প্রতিনিধি স্পষ্ট জানিয়েছেন, তাঁরা আইএসএল খেলতে চাইলেও বাড়তি কোনো টাকা দিতে পারবেন না। এর পাশাপাশি কমার্শিয়াল পার্টনারের ৩০ শতাংশ শেয়ারের টাকা কে দেবে, তা নিয়েও কোনো পরিষ্কার উত্তর মেলেনি।
আরেকটি বড় সমস্যা হলো এএফসি (AFC) স্লট ও ম্যাচের সংখ্যা নিয়ে। ফেডারেশন চাইছে বাংলা ও গোয়া মিলিয়ে ২৪টি ম্যাচ আয়োজন করে আন্তর্জাতিক নিয়ম রক্ষা করতে। কিন্তু ক্লাবগুলোর দাবি, আগে এএফসি-র সঙ্গে কথা বলে নিশ্চিত হতে হবে যে ঠিক কতগুলো ম্যাচ খেললে আন্তর্জাতিক খেলার সুযোগ পাওয়া যাবে। যদি কম ম্যাচেই কাজ চলে যায়, তবে বাড়তি টাকা খরচ করে ২৪টি ম্যাচ খেলতে রাজি নয় দলগুলো। কিন্তু সামনেই বছরের শেষ ও উৎসবের মরসুম চলায় এএফসি-র থেকে দ্রুত উত্তর পাওয়া কঠিন। সব মিলিয়ে বিনিয়োগকারী নিশ্চিত হওয়া এবং এএফসি-র সবুজ সংকেত পাওয়ার আগে আইএসএল শুরুর দিনক্ষণ জানানো প্রায় অসম্ভব। সোমবার ফের বৈঠকে বসছে ফেডারেশনের তিন সদস্যের কমিটি।







